টানা ৪৮ ঘণ্টা হরতালের কারণে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলাগুলো আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। আগামীকালের খেলাগুলোতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন, গাজী ট্যাংক ক্রিকেটার্স ও কলাবাগান ক্রীড়াচক্র এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) পরস্পরের মুখোমুখি হবে। আজ থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেটা শুরু হবে।
এবারের প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ডের সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগরের বাইরে। সেই হিসেবে আগামীকালই ঢাকায় ফিরছে ঢাকা প্রিমিয়ার লিগ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। কলাবাগান ক্রীড়াচক্র ও গাজী ট্যাংকের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লায়। বিকেএসপিতে খেলবে প্রাইম ব্যাংক ও সিসিএস। তৃতীয় রাউন্ডের অপর ম্যাচগুলো হবে ২২ সেপ্টেম্বর।
অপরদিকে চতুর্থ রাউন্ডের ম্যাচগুলো শুরু হবে ২৪ সেপ্টেম্বর। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে রাউন্ডটি শুরু হবার কথা ছিল। এ রাউন্ডের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে।
এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ডের খেলা শেষে উভয়টিতে জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। তাদের অর্জন চার পয়েন্ট। শেখ জামাল ধানমন্ডি ক্লাবও সমপরিমাণ পয়েন্ট পেয়েছে। কিন্তু নেট রানরেটে পিছিয়ে পড়ায় আছে দ্বিতীয় স্থানে। শিরোপাধারী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব তিন পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ভিক্টোরিয়া এক ম্যাচে জিতলেও কলাবাগান ক্রিকেট একাডেমীর বিরুদ্ধে খেলাটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়।
একটি করে জয় পেয়েছে কলাবাগান ক্রীড়াচক্র, ব্রাদার্স ইউনিয়ন, প্রাইম দোলেশ্বর, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী লিমিটেড ও গাজী ট্যাংক ক্রিকেটার্স। পয়েন্ট টেবিলের তলানীতে থাকা খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) এখনো জয়ের দেখা পায়নি।
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় পরাজয় ড্র বাতিল পয়েন্ট
মোহামেডান ২ ২ ০ ০ ০ ৪
শেখ জামাল ২ ২ ০ ০ ০ ৪
ভিক্টোরিয়া ২ ১ ০ ০ ১ ৩
কলাবাগান ক্রীড়া চক্র ২ ১ ১ ০ ০ ২
ব্রাদার্স ইউনিয়ন ২ ১ ১ ০ ০ ২
প্রাইম দোলেশ্বর ২ ১ ১ ০ ০ ২
প্রাইম ব্যাংক ২ ১ ১ ০ ০ ২
আবাহনী ২ ১ ১ ০ ০ ২
গাজী ট্যাংক ২ ১ ১ ০ ০ ২
কলাবাগান ক্রি.এ ২ ০ ১ ০ ১ ১
খেলাঘর ২ ০ ২ ০ ০ ০
সিসিএস ২ ০ ২ ০ ০ ০
