আবারো অধিনায়কত্ব করতে চান আফ্রিদী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৫
শহীদ আফ্রিদী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব করার ব্যপারে আবারো নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে যে কোন মুহর্তে তিনি দলের নেতৃত্বে ফিরে আসতে প্রস্তত বলে গতকাল জানিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। জাতীয় দলের অধিনায়কত্ব করা সব খেলোয়াড়ের কাছেই অত্যন্ত সম্মানের। প্রায় সবারই স্বপ্ন থাকে বিশ্ব অঙ্গনে দেশকে নেতৃত্ব দেয়ার। প্রায় ১৭ বছর ধরে ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে খেলে চলা আফ্রিদীও তার ব্যতিক্রম নন। ওয়ানডে ক্রিকেটের দ্রূততম সেঞ্চুরিয়ান বলেন, ‘যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মনে করে আমি ফিট এবং আমাকে অধিনায়কত্ব করার প্রস্তাব দেয়া হয় তবে এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করব। এই মুহূর্তে আমাদের দলের যা পরিস্থিতি তাতে আমি মনে করি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলের সিনিয়র খেলোয়াড়দের আরো বেশী অবদান রাখার সুযোগ আছে।’ পিসিবি’র সাথে মতনৈক্যের জেড় ধরে ২০১১ সালে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে এই অল রাউন্ডারকে অপসারন করা হয়। সর্বশেষ বিশ্বকাপেও তিনি পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে দক্ষিন আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের আসন্ন ‘হোম’ সিরিজে পিসিবি’র পক্ষ থেকে বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হককে দায়িত্ব থেকে অব্যাহতি দেবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর সেটাই আফ্রিদীকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। এই মূহুর্তে সিনিয়র খেলোয়াড় হিসেবে আফ্রিদী দলের অধিনায়কত্ব করার অন্যতম শীর্ষ দাবীদার। তবে এক সূত্রমতে জানা গেছে, যেহেতু দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে সময় আর বেশী বাকি নেই। তাই টেস্ট সিরিজে মিসবাহ এবং কোচ ডেভ হোয়াটমোরকে স্ব স্ব দায়িত্বে রেখে দেবার পক্ষে অনেকেই মত দিয়েছেন। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে তারা আফ্রিদীর উপর দায়িত্ব দেবার পক্ষে। আর মোহাম্মদ হাফিজ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বহাল থাকবেন। অক্টোবরের মাঝামাঝিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি২০ ম্যাচ খেলার কথা রয়েছে। সূত্রটি নিশ্চিত করেছে বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ আরো একমাস বৃদ্ধি করেছে পিসিবি। গতকাল তারা প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ নিয়ে আলোচনার জন্য পিসিবি’র অস্থায়ী চেয়ারম্যান নাজাম শেঠীর সাথে লাহোরে সাক্ষাত করেছেন। সেখানেই নির্বাচকরা টেস্টে মিসবাহকে আরো একবার সুযোগ দেবার ব্যপারে একমত হয়েছেন। তবে ওয়ানডে দলের জন্য তারা নতুন অধিনায়কের সুপারিশ করেছেন বলে জানা গেছে। বাসস/ওয়েবসাইট।