অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সবগুলো ক্লাব, জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলরশীপ চেয়ে চিঠি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির নির্বাহী প্রধান (ভারপ্রাপ্ত) নিজামুদ্দিন চৌধুরী সুজন। কাউন্সিলরশীপ নিশ্চিত হলেই জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
গতকাল সকালে নিজামুদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘কাউন্সিলরশীপ চেয়ে চিঠি দেয়া হয়েছে। এখন আমরা কাউন্সিলরশীপ হাতে পেলেই পরবর্তী কাজ শুরু করব।’ আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলরদের তালিকা দেবে জাতীয় ক্রীড়া পরিষদ।
এছাড়া ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলেন বিসিবির ভারপ্রাপ্ত সিইও। বাংলাদেশে অনুষ্ঠিতব্য আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারছে না—এমন একটা গুঞ্জন রটে গিয়েছিল। আইসিসির সর্বশেষ বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন যে ফরম্যাট অনুমোদিত হয়েছে, তা দেখেই এমন গুঞ্জনের অবতারণা। এই ব্যাপারে নিজামুদ্দিন সুজন আগেই ব্যাখ্যা দিয়েছিলেন। সেই পুরনো ব্যাখ্যাটাই আবারো দিয়ে জানালেন, বিশ্বকাপের বাছাই টুর্নামেন্ট বলে সংযুক্ত আরব আমিরাতে আলাদা একটি টুর্নামেন্ট এই বিশ্বকাপের জন্য হচ্ছে। সেখান থেকেই ৬ দল এসে যোগ দেবে মূল টুর্নামেন্টে। ফলে আরেকটি বাছাইপর্ব খেলার কোন সুযোগ থাকছে না।
নতুন ফরম্যাট অনুযায়ী বাছাইপর্ব পার হয়ে আসা ছয় দলের সঙ্গে ‘প্রথম রাউন্ড’ খেলবে বাংলাদেশ। এই প্রথম রাউন্ড থেকে দুটি দল যাবে দ্বিতীয় পর্বে; যেটিকে আসলে ‘সুপার টেন’ বলা চলে। এই দ্বিতীয় পর্বে সরাসরি যোগ হবে র্যাংকিংয়ের শীর্ষ আট দল। আর এই র্যাংকিংয়ের পুরো ব্যাপারটি সিদ্ধান্ত নেয়া গত ২০১২ সালের ৯ অক্টোবরে প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং অনুযায়ী। সে সময় বাংলাদেশ প্রথম আট দলের মধ্যে না থাকায় এই বিশ্বকাপে প্রথম পর্ব খেলেই ‘সুপার টেন’ খেলতে হবে বাংলাদেশকে।
