দক্ষিণ আফ্রিকান জাতীয় মহিলা ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবল ধোলাইয়ের পর একমাত্র প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচে ইমার্জিং টিমের কাছেও আত্মসমর্পণ করলো বাংলাদেশের মেয়েরা। গতকাল বুধবার রোস্টেনবার্গে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকার ইমার্জিং একাদশের মেয়েরা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ২ বলে মাত্র ১২৯ রান তুলেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। লোয়ার অর্ডারে বাংলাদেশের জাহানারা আলম সর্বোচ্চ ২৮ রান করেন। ওপেনার আয়েশা রহমান ২০ ও সুলতানা ইয়াসমিন ১৮ রান করেন। তিনটি করে উইকেট নেন এলরিসা থিউনিসেন ও রবিন অ্যাপেলস। আর দুটি করে উইকেট পান ননখুলুলেকু থাবেথে ও মিশেল বার্ট।
জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকানদের সামনে বড় কোন পরীক্ষা নিয়ে হাজির হতে পারেননি বাংলাদেশের বোলাররা। মাত্র ৩২ ওভার ৪ বলে দুটি উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এন মুডলে সর্বোচ্চ ৫৭ রান করেন। ৪৮ রানে অপরাজিত ছিলেন ভ্যান নিয়েকার্ক। বাংলাদেশের হয়ে লিলি রানী বিশ্বাস ও খাদিজা তুল কুবরা একটি করে উইকেট পান।
আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকার সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ সেপ্টেম্বর।
