পাইওনিয়র ফুটবলারদের রেজিস্ট্রেশন আজ শুরু
স্পোর্টস রিপোর্টার
পাইওনিয়র ফুটবল খেলোয়াড়দের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ। ঢাকা সিটি কর্পোরেশন (উঃ ও দঃ) পাইওনিয়র ফুটবল লীগে অংশগ্রহণকারী ৭০টি ক্লাব ফুটবল দলের খেলোয়াড়দের বয়স নির্ধারণ কার্যক্রম আজ বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ পাইওনিয়র ফুটবল লীগ কমিটির অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
মনোহরদী উপজেলা দল টাইব্রেকারে জয়ী
নরসিংদী প্রতিনিধি
মনোহরদী উপজেলা দল গতকাল বুধবার নরসিংদীর মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চতুর্থ দিনের খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে ফারুক স্পোটিং ক্লাবকে পরাজিত করে। এ খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে পারেনি। আগামীকাল শুক্রবার পলাশ উপজেলা ও মুন্সিগঞ্জ জেলা দলের মধ্যে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উজিরপুরে মরহুম আ: রহমান স্মৃতি
হা ডু ডু টুর্নামেন্ট শুরু
বানারীপাড়া (বরিশাল)সংবাদদাতা
উজিরপুরে আ: রহমানের স্মরণে পল্লী গ্রাম বাংলার ঐতিহ্য হা ডু ডু টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উজিরপুর রাখালতলা গ্রামের নয়ন হাওলাদারের দল ৩-০ গোলে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের বাবু হাওলাদারের দলকে পরাজিত করেন। গতকাল বুধবার বিকালে উপজেলার কালিরবাজার হেলিপোর্ট মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল।
বয়সভিত্তিক সাঁতার একদিন এগিয়েছে
স্পোর্টস রিপোর্টার
জাতীয় বয়সভিত্তিক সাঁতার এবং ডাইভিং প্রতিযোগিতা একদিন এগিয়েছে সাঁতার ফেডারেশন। গতকাল ফেডারেশন থেকে জানানো হয়েছে মিরপুর সুইমিং কমপ্লেক্সে ২৮ সেপ্টেম্বরের পরিবর্তে ২৭ সেপ্টেম্বর শুরু হবে খেলা। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। সাঁতারুদেরকে ২৬ সেপ্টেম্বর বেলা দুইটার মধ্যে মেডিক্যাল রিপোর্ট করতে বলা হয়েছে।
অনির্বাণ সংস্থার জয়
স্পোর্টস রিপোর্টার
সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে প্রাইম ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লীগে গতকাল অনির্বাণ সংস্থা ৩-০ গোলে জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। জুয়েল ২, সুকদেব ১ গোল করেন। শুক্রবার পার্ক একাদশ ও সপ্তগ্রাম রিক্রিয়েশনের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, লীগ কমিটির চেয়ারম্যান আহম্মদ আলী সরদার, ডিএফএ’র সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, কোষাধ্যক্ষ মাসুদ আলীসহ বিপুল সংখ্যক দর্শক গতকালের খেলাটি উপভোগ করেন।
