আটোয়ারীতে ১২টির স্থলে কাটা হলো ৩৫টি গাছ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
আটোয়ারীর ঐতিহ্যবাহী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের ছায়াঘেরা ক্যাম্পাস ক্রমেই উজাড় হচ্ছে। গাছ কেটে সাবাড় করছে খোদ কলেজ কর্তৃপক্ষ। সম্প্রতি ১২টির অনুমতি নিয়ে কাটা হলো ৩৫টি গাছ। তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেছেন, যা কিছু করা হয়েছে সবই বৈধভাবে করা হয়েছে। জানা গেছে, ওই কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের দরজা-জানালা ও চেয়ার-বেঞ্চ তৈরির জন্য গাছ কাটার অনুমতি চেয়ে বন বিভাগের কাছে আবেদন করে কর্তৃপক্ষ। তাদের আবেদনের প্রেক্ষিতে বন বিভাগের দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ১২টি গাছ কাটার অনুমতি দেন। কিন্তু কলেজের প্রকল্প উপ-কমিটি ক্যাম্পাসের ৩৫টি গাছ কর্তন করে আসবাবপত্র তৈরির কাজ শুরু করেছে। অভিযোগ রয়েছে এর আগেও বিজ্ঞান ভবন নির্মাণ করার সময় ওই জায়গার কয়েকটি গাছ বন বিভাগের অনুমতি না নিয়েই কাটা হয়েছিল।