নেত্রকোনায় জামাতা হত্যার দায়ে শ্বশুরসহ ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ আটপাড়া উপজেলার রুপচন্দ্রপুর গ্রামের তোতা মিয়াকে হত্যার অভিযোগে শ্বশুর আব্দুল মজিদসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ এবং ২ জনকে বেকসুর খালাস প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে তিনজন পলাতক। দীর্ঘ ১২ বছর মামলা চলার পর গতকাল বুধবার এই রায় প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন— আব্দুল মজিদ, লালু চৌধুরী, দুদু মিয়া এবং আঃ রব। খালাসপ্রাপ্তরা হচ্ছে— দুলাল মিয়া এবং তারু মিয়া। জানা গেছে, আব্দুল মজিদ তার জামাতা তোতা মিয়ার নিকট থেকে ২৫ হাজার টাকা ধার নেয়। এই পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমালিন্য বেড়ে যায়। ২০০১ সনের ৩০ নভেম্বর তোতা মিয়া তার শ্বশুরের কাছে টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মজিদ ও তার লোকজন তোতা মিয়ার ওপর আক্রমণ চালায় এবং তাকে হত্যা করে।