মঙ্গলবার রাতে ছাত্রদলের দু কর্মীর মধ্যে ঝগড়া-বিবাদকে কেন্দ্র করে বিএনপির মোজাম্মেল হক গ্রুপ হামলা চালিয়ে উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও কর্মীদের মারপিট করে। এ ঘটনায় শহরে বিএনপির ৩টি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জীবননগর হাসপাতাল সড়কে আখ সেন্টারের কাছাকাছি সড়কের দু পাশে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য হাজি মো. মোজাম্মেল হক গ্রুপ হিসেবে পরিচিত পৌর বিএনপির অফিস এবং অপর পাশে কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদ হাসান বাবু খান গ্রুপ হিসেবে পরিচিত উপজেলা বিএনপির অফিস। মঙ্গলবার ছাত্রদলের কর্মী বাবু খান গ্রুপের কর্মী নারায়ণপুরের সুমনের সাথে হাজি মোজাম্মেল হক গ্রুপের ছাত্রদলের কর্মী বাঁকার খোকনের সাথে ঝগড়া-বিবাদ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে পৌর বিএনপির অফিস থেকে হাজি মোজাম্মেল হক গ্রুপের লোকজন বাবু খানের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা আব্দুর রশিদ ও ছাত্রদলের সুমনসহ বেশ কয়েকজন আহত হয়। ভাংচুর চালিয়ে হামলাকারীরা জিয়ার সৈনিক এক হও লড়াই করো স্লোগান দিয়ে হাসপাতালের মধ্যে গিয়ে অবস্থান নেয়। পরে মোটরসাইকেলযোগে মোজাম্মেল হক গ্রুপের লোকজন হাতে লাঠিসোটা নিয়ে শহরে মহড়া দিতে থাকে এবং বিএনপির অপর গ্রুপের নেতা পৌর মেয়র নোয়াব আলীর বিরুদ্ধে স্লোগান দেয়। এ ঘটনায় বিএনপির ৩টি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
