ময়মনসিংহের ত্রিশালে অটোরিকশাচালক আব্দুর রশিদ হত্যার প্রতিবাদে ত্রিশালে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। চালক রশিদ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার পৌরসভার গোহাটা মোড়ে সিএনজি স্টেশন হতে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সমাবেশে বক্তব্য রাখেন অটোরিকশাচালক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন মজনু, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক ফরিদউদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, রনি প্রমুখ। রশিদ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ শ্রমিকদের রশিদ হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকরা মঙ্গলবার অবরোধ তুলে নেয়।
