পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু ৬ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
দেশের বিভিন্ন স্থানের পৃথক ঘটনায় ৫ জনের অস্বাভাবিক মৃত্যু ও ৫ জনের লাশ উদ্ধার হয়েছে। সাতক্ষীরা সাতক্ষীরায় দাম্পত্য কলহের জের ধরে সাতক্ষীরার পল্লীতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার ভোররাতে নিহতের শ্বশুর বাড়ি সদর উপজেলার বলাডাঙ্গায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদরের বলাডাঙ্গা গ্রামের আমিনুদ্দিনের কন্যা জুলেখা খাতুনের সাথে বিয়ে হয় কলারোয়র আরশাদউদ্দিনের ছেলে আসাদুলের। বিয়ের পর তাদের মধ্যে কলহ চলছিল। নিহত আসাদুলের পিতা আরশাদ আলী জানান, তার ছেলেকে সোমবার মোবাইলে শ্বশুরবাড়ির লোকজন ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। আসাদুলের স্ত্রী জুলেখা খাতুন জানান, রাতে খাওয়ার শেষে সে ঘুমিয়ে পড়ে এরপর বুকে ব্যথা অনুভর করলে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছে। এদিকে সদর উপজেলার অন্নের মোড় থেকে গত মঙ্গলবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২২ বছর। স্থানীয় এলাকাবাসী লাশটি রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার এস আই সবুর জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত এ যুবক সোমবার গভীর রাতে গরু নিয়ে যাওয়ার সময় সে গরুর ট্রাক অথবা অন্য কোন গাড়ি থেকে পড়ে মারা যেতে পারে। আর তা না হলে লাশটি কোন মানসিক ভারসাম্যহীন লোকের। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সিরাজদিখান উপজেলার গোয়ালখালী গ্রামে গতকাল বুধবার সকালে সুবাসী রানী মণ্ডল (৫২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে তার ঘর থেকে। তার স্বামীর নাম মৃত রাজেন্দ্র মণ্ডল।বৃদ্ধার ছেলে শিপন মণ্ডল জানান, তার মা রাতে ঘরে একা শুয়ে ছিল। কিন্তু সকালে দেখা যায় তার মা মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে এবং ঘরের দরজা খোলা ছিল ও ঘরের সিঁধ কাটা ছিল। লাশের গলায় কালো দাগ রয়েছে। পুলিশ ধারণা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এব্যাপারে শিপন বাদী হয়ে থানায় মামলা করেছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদী থেকে গতকাল বুধবার দুপুরে গৌরাঙ্গ ভট্টাচার্য (৫৫) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গত ৮ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর থানার ব্রাহ্মণগাঁও গ্রাম থেকে নিখোঁজ হয়। সারিয়াকান্দি (বগুড়া) সারিয়াকান্দি উপজেলার মাছিরপাড়া খেয়াঘাটে গোসল করতে গিয়ে গতকাল বুধবার সকালে নায়েব আলী প্রামাণিকের পুত্র বিটুল (২০) নামে একজন নিখোঁজ হয়েছে। সে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাছিরপাড়া গ্রামের নায়েব আলী প্রামাণিকের পুত্র। রাজশাহী থেকে দমকল বাহিনীর ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান চালাচ্ছে। এদিকে সারিয়াকান্দি পৌর এলাকার বাঙ্গালী ব্রিজের নিচে থেকে এক অজ্ঞাতনামা নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুর লাশ একটি কার্টুনের মধ্যে কাপড় দিয়ে মোড়ানো ছিল। অপরদিকে উপজেলার চর মাছিরপাড়া গ্রামে মহসিন আলী ফকিরের পুত্র বেলাল (১৬) নামে একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়। জয়পুরহাট জয়পুরহাটের আক্কেলপুর বুধবার ভোরে দিপা (৭) নামে এক শিশুর লাশ পৌর এলাকার কেশবপুরের তুলশীগঙ্গা নদী থেকে উদ্ধার হয়। নিহত শিশু দিপা আক্কেলপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা। নিহত শিশুর পিতা দেলোয়ার হোসেন জানান, বুধবার ভোরে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে জালের ভিতরে শিশুটির লাশ উদ্ধার করেছে। দৌলতপুর (কুষ্টিয়া) কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলায় পদ্মায় ডুবে রুবেল (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকার মৃত সাইফুল্লার ছেলে। মঙ্গলবার সকাল ৮টার দিকে রুবেল তার বড় ভাইয়ের সাথে বাড়িসংলগ্ন পদ্মায় ডিঙ্গি নৌকায় করে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়। কাঁঠালিয়া(ঝালকাঠি) কাঁঠালিয়ায় নদীতে ডুবে সুবর্ণা চন্দ্র (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাতানী বাজার এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র জানান, মঙ্গলবার দুপুর দু’টার দিকে প্রতিবেশীদের সাথে তার কন্যা সুবর্ণা বিষখালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বিকেল সাড়ে ৩টায় ভাসমান অবস্থায় নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। উল্লাপাড়া(সিরাজগঞ্জ) মঙ্গলবার বেলা ১টায় উল্লাপাড়ার শুকুলহাট গ্রামের পাশের বিলে মাছ ধরার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি নিহত ও অপর দুই ব্যক্তি আহত হয়েছে। আহতরা হলেন: রমজান আলী ও রহমত আলী। এদের সবার বাড়ি উপজেলার শুকুল হাট গ্রামে।