স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:০১
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩-এর প্রতিস্থাপিত ‘গ’ দফায় বলা হয়েছে, “তামাকজাত দ্রব্য অর্থ তামাক, তামাক পাতা বা উহার নির্যাস হইতে প্রস্তুত যে কোন দ্রব্য যাহা চোষণ ও নিবানোর মাধ্যমে গ্রহণ করা যায় বা ধূমপানের মাধ্যমে শ্বাসের সহিত টানিয়া লওয়া যায় এবং বিড়ি, সিগারেট, চুরুট, গুল, জর্দা, খৈনি, সাদাপাতা, সিগার এবং হুক্কা বা পাইপে ব্যবহার্য মিশ্রণও (mixture) ইহার অন্তর্ভুক্ত হইবে।” আইনটির ১০ ধারা অনুযায়ী তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য ও অন্যান্য ক্ষতি সম্পর্কিত সচিত্র সতর্কবাণী মুদ্রণের সময় ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে (অ) তামাকজাত দ্রব্য সেবনে মুখে ও গলায় ক্যান্সার হয়, (আ) তামাকজাত দ্রব্য সেবনে গর্ভের সন্তানের ক্ষতি হয়, (গ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো সতর্কবাণী লিপিবদ্ধ করতে হবে। আমরা (অ) ও (আ) সতর্কবাণী ঈষত্ পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন করে ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য, গুল, জর্দা, খৈনি, সাদাপাতা সেবনে মুখে ও গলার ক্যান্সার হয়/গর্ভের সন্তানের ক্ষতি হয় এরূপ লেখার জন্য পরামর্শ দিচ্ছি। কারণ এতে সতর্কবাণীর কার্যকারিতা বহুলাংশে বেড়ে যাবে। আশা করি, আগামী নভেম্বরে তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা চূড়ান্তকালে স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সক্রিয় বিবেচনায় নেবেন। মাহবুব আলী ৪১ আবদুল হাদী লেন বংশাল, ঢাকা