প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা উন্নীতকরণ এবং শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কৃত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আলহাজ্ব মমতাজ বেগম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদ প্রথম শ্রেণিতে উন্নীতকরণের সুপারিশ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়।
বৈঠকে বিদ্যালয়বিহীন এলাকায় বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে গড়ে উঠা যে সকল বিদ্যালয়কে এখনও সরকারের সুযোগ সুবিধা প্রদান করা হয়নি, সেসব বিদ্যালয়কে সরকারের সকল সুযোগ সুবিধা প্রদান এবং যেসব ছাত্র-ছাত্রীকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
