দুর্নীতিবাজদের নির্বাচনে বয়কট করতে শুরু হচ্ছে ‘দুদক সংলাপ’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
 রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশী ও সাধারণ জনগণ অংশ নেবে  নির্বাচনের আগেই ভোটারদের সচেতন করতে ৬৪ জেলায় চলবে এ সংলাপ সত্ ও যোগ্য প্রার্থীদের জাতীয় সংসদ নির্বাচনে উদ্বুদ্ধ করতে এবং দুর্নীতিবাজদের বয়কটের জন্য জনগণকে সচেতন করতে শিগগিরই সংলাপ শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ জনগণকে নিয়ে এ সংলাপের আয়োজন করা হবে। ইতিমধ্যে কমিশন এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তৈরি করা হয়েছে ‘দুদক সংলাপ’র রূপরেখা। দেশের ৬৪ জেলায় ‘দুদক সংলাপ’ বাস্তবায়নের জন্য প্রাথমিক বাজেটও নির্ধারণ করেছে কমিশন। এছাড়া এই সংলাপ রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে সম্প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুদক কমিশনার মো. সাহাবউদ্দিন চুপ্পু এ ব্যাপারে বলেন, ‘দুদক সংলাপ’ মূলত সচেতনতামূলক একটি প্রকল্প। নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করতে এবং মানুষকে দুর্নীতির বিষয়ে সচেতন করতে এ সংলাপের আয়োজন করা হচ্ছে। নির্বাচনের আগেই দেশব্যাপী এ সংলাপ চালাবে দুদক। কমিশনার আরো জানান, আগামী জাতীয় নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ, দুর্নীতিবাজদের ভোট প্রদান থেকে জনগণকে নিরুত্সাহিত করা, প্রার্থীদের কাছ থেকে ভোটের বিনিময়ে অর্থনৈতিক সুবিধা না নেয়া এবং দুর্নীতিমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরিতে মানুষকে সচেতন করতে এ সংলাপের আয়োজন করা হচ্ছে। একই সাথে এ সংলাপের মাধ্যমে জনগণের কাছে দুর্নীতির বিভিন্ন শাস্তির কথাও তুলে ধরা হবে। নির্বাচনে বিভিন্ন ধরনের দুর্নীতি প্রতিরোধে দুদকের এ সংলাপ সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। দুদক সূত্র জানায়, ইতিপূর্বে ভোট কেনা-বেচা, নির্দিষ্ট ব্যক্তিকে ভোট প্রদানে প্রলুব্ধ বা বাধ্য করাসহ নির্বাচন ঘিরে নানারকম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সে সব অভিযোগের উপর ভিত্তি করে নির্বাচন ঘিরে দুর্নীতির বিষয়ে প্রার্থী ও ভোটারদের সচেতন করতেই দুদক এ উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে দুদক সংলাপের একটি রূপরেখা তৈরি করা হয়েছে। ‘উপযুক্ত ব্যক্তি নির্বাচন করবো, দুর্নীতিমুক্ত দেশ গড়বো’ এমন শ্লোগান প্রতিপাদ্য হিসেবে ঠিক করে এ সংলাপের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে এ সংলাপের প্রাথমিক বাজেট এবং কলাকৌশলও নির্ধারণ করা হয়েছে। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হবে। সংলাপ পরিচালনা করবেন দুদক কর্মকর্তারা। প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রাথমিকভাবে এগারো লাখ টাকা ব্যয় নির্ধারণ করে একটি বাজেট কমিশন থেকে পাস করা হয়েছে। সূত্র আরো জানায়, এ সংলাপের জন্য সারা দেশে দুদকের ২২টি জেলা কার্যালয়কে ‘সমন্বিত কার্যালয়’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসব কার্যালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন জেলায় ‘দুদক সংলাপ’ অনুষ্ঠিত হবে। তবে তাদের এখন পর্যন্ত দাপ্তরিক নোটিস পাঠানো হয়নি। এ প্রসঙ্গে দুদক কর্মকর্তারা জানান, আগামী অক্টোবরের মধ্যে ওই ২২টি কার্যালয়কে সংলাপ আয়োজনের জন্য প্রস্তুত করা হবে। সে কারণে শিগগিরই প্রধান কার্যালয় থেকে এসব কার্যালয়ে দাপ্তরিক নোটিস পাঠানো হবে।