আমাদের মেরুদণ্ড সোজা আছে, নির্বাচনও সুষ্ঠু হবে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, আমরা সুস্থ আছি, আমাদের মেরুদণ্ড সোজা আছে। আগামী নির্বাচনে প্রতিটি প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। গতকাল বুধবার শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এসময় তিনি সোজা হয়ে দাঁড়িয়ে বলেন- আমার বয়স ৬৩। আমার মনে হয় কমিশনের অন্য সবার বয়সের চেয়ে আমার বয়স বেশি। সুতরাং আমার কোমর সোজা থাকলে অন্য সবার কোমরও সোজা আছে। গত কয়েকদিন বিএনপির বিভিন্ন সমাবেশে বেগম খালেদা জিয়া ইসির সমালোচনা করে বক্তব্য দেন। তিনি ইসিকে অথর্ব, মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেছেন। তাদের এ বক্তব্যের জবাবে ইসির অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। তিনি বলেন, আমরা আশা করি সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারি। নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জাবেদ আলী বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত ইসি। কারণ, আইন অনুযায়ী যে কোন দিন সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী ৯০ দিনে নির্বাচন করতে হবে। সেই হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে আমরা প্রস্তুত। সংসদ বহাল রেখে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড (সমতা) তৈরি করা সম্ভব হবে কী না- এমন প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে সক্ষম হব বলে আশা করছি।