সচিব পদমর্যাদার ২৫ পদের অনুমোদন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের প্রধানের ৩৪টি পদ সচিব ও অতিরিক্ত সচিবের পদমর্যাদায় অর্থাত্ গ্রেড-১ এবং গ্রেড-২ এ উন্নীত করা হয়েছে। এর মধ্যে ২৫টি পদ সচিবের ও ৯টি পদ অতিরিক্ত সচিবের সমমর্যাদার হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১২ সেপ্টেম্বর এসব পদের মানোন্নয়ন সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান সিকদার ইত্তেফাককে জানান, মান উন্নীত পদগুলোতে বর্তমানে যারা নিয়োজিত আছেন তারা সবাই সেখানে বহাল থাকতে পারবেন না। কারণ যে পদগুলো গ্রেড-১ ভুক্ত করা হয়েছে সেখানে হয়তো চতুর্থ গ্রেডের কর্মকর্তা নিয়োজিত আছেন। প্রশাসন ক্যাডারের বাইরে যে সকল অন্য ক্যাডারের কর্মকর্তা মান উন্নীত পদে নিয়োজিত আছেন তাদেরকে বহাল রাখতে হলে সংশ্লিষ্ট ক্যাডারের সার্ভিস রুল পরিবর্তন প্রয়োজন হবে বলে তিনি বলেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য যেমন শিক্ষা, কৃষি, মত্স্য, খাদ্য ইত্যাদি ক্যাডার কর্মকর্তাদের জন্য পদের মানোন্নয়ন করা হলেও এখন এ রকম ক্যাডার কর্মকর্তারা এ সুযোগ নাও পেতে পারেন। সেক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেয়া হতে পারে। যেসব পদ গ্রেড-২ থেকে গ্রেড-১ অর্থাত্ অতিরিক্ত সচিব থেকে সচিবের পদমর্যাদায় উন্নীত করা হয়েছে সেগুলো হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান তথ্য কর্মকর্তা, প্রধান বন সংরক্ষক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী, মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক, চিফ কম্পোট্রলার, ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, ডিফেন্স ফাইন্যান্সের মহাপরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক, রাজউকের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক, ডাক বিভাগের মহাপরিচালক, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। যেসব পদকে গ্রেড-৩ থেকে গ্রেড-২ বা যুগ্ম সচিবের পদমর্যাদা থেকে অতিরিক্ত সচিবের পদমর্যাদায় উন্নীত করা হয়েছে সেগুলো হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিবার কল্যাণ অধিপ্তরের মহাপরিচালক। প্রসঙ্গত, জনপ্রশাসনে এখন ৭৩টি সচিবের পদ রয়েছে। সেখানে সচিব ও ভারপ্রাপ্ত সচিব কর্মরত আছেন ৭০ জন। ১১০টি অতিরিক্ত সচিব পদের বিপরীতে ২৪০ জন কাজ করছেন। অনেকে যুগ্ম সচিবের পদেও কাজ করছেন। ৩৪১টি যুগ্ম সচিব পদের বিপরীতে যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জন, ৮২৮টি উপ-সচিবের পদের বিপরীতে উপ-সচিব আছেন এক হাজার ৩৮৬ জন। এ ছাড়া এক হাজার ৪৪৮ জন সিনিয়র সহকারি সচিব কাজ করছেন ২ হাজার ৩৪০টি পদের বিপরীতে। এখানে কিছু পদ শূন্য আছে কিছু পদে উপ-সচিবরাও কাজ করছেন। ১ হাজার ৮৭০টি সহকারি সচিবের অনুমোদিত পদ রয়েছে সেখানে কর্মরত আছেন ৯৪০ জন কর্মকর্তা।