জনসাধারণের সেবায় নিয়োজিত থাকা মন্ত্রীদের কাজ। কিন্তু অনেক সময় কিছু মন্ত্রীর অপকর্মের খেসারত দিতে হয় সত্ ও মানবতাবাদী মন্ত্রীদের। আর এই মানবতাবাদের এক দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের কর্ণাটকের এক মন্ত্রী। একটি পরিবারকে তিনি নিজেই পানি থেকে উদ্ধার করলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মঙ্গলবার কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী কিম্মেন রত্নাকর তার নিজ শহর থারথহাহালির বাড়ি থেকে ব্যাঙ্গালোরের অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে দেখেন একটি গাড়ি পুকুরে ডুবে যাচ্ছে। এ সময় তিনি নিজের গাড়ি থামানোর জন্য চালককে নির্দেশ দেন। তিনি তার চালক ও দেহরক্ষীসহ অন্যদের নিয়ে পুকুরে লাফ দেন। তারা ছয়জনকে দেখতে পান যারা বাঁচার জন্য গাড়ির মধ্যে ছোটাছুটি করছেন। প্রথমে তারা তিনজন শিশুকে উদ্ধার করেন। এরপর ৫৫ বছর বয়সী এক নারীসহ আরো তিনজনকে উদ্ধার করেন। এদের মধ্যে উদয় কুমার নামে একজন ডাক্তার ছিলেন। এরপর তাদের খাবারের ব্যবস্থা করেন মন্ত্রী কিম্মেন। তিনি তাদের প্রয়োজনীয় জামা-কাপড়েরও ব্যবস্থা করেন। উদয় কুমার জানান, মনে হচ্ছে আমার ও পরিবারের সদস্যদের পুনর্জন্ম হয়েছে।
