বরগুনা-২ উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনের লড়াই

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে ভোটযুদ্ধ চলছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাসানুর রহমান রিমন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম সরোয়ার হিরুর মধ্যে। পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে সদ্য পদত্যাগী শওকত হাসানুর রহমান রিমন দু’বার রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তৃণমূল কর্মীদের সাথে রাজনীতির মাঠে থাকার কারণে জনপ্রিয়। অন্যদিকে ইসলামী আন্দোলন প্রার্থী গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপির মনোনয়ন না পেয়ে ওই বছর জাতীয় সংসদ নির্বাচনে তত্কালীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ) মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর হিরু দলত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির কাছে পরাজিত হন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে হিরু আবার ইসলামী আন্দোলনে যোগদান করেন। গোলাম সরোয়ার হিরুর একাধিকবার দলবদলে বিতর্কের পাশাপাশি জনপ্রিয়তাও রয়েছে। আর কোন প্রার্থী না থাকায় দু’জনের মধ্যে শক্ত একটা লড়াই শুরু হয়েছে। সে লড়াই হচ্ছে আওয়ামী লীগ এবং চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ৭ সেপ্টেম্বর বাছাইকালে এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী অধ্যাপক হুমায়ূন কবির হিরু ও আব্দুস সোবহানের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার। ওই দুই প্রার্থী পরে প্রধান নির্বাচন কমিশনে আপিল করলেও তা খারিজ হয়ে গেছে। পরে তারা হাইকোর্টে রিট করেছেন। বর্তমানে রিট আবেদন শুনানির অপেক্ষায় আছে। আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।