মামলার রিপোর্ট ও তদন্তে গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৫
কোন মামলার সুষ্ঠু তদন্তে অবহেলা কিংবা গাফিলতি করলে এবং প্রভাবিত হয়ে জড়িতদের নাম বাদ দেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার গতকাল বুধবার মামলা তদন্তে অবহেলা কিংবা উেকাচের বিনিময়ে প্রকৃত আসামিদের নাম বাদ দেয়ায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। গত মঙ্গলবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত “প্রকাশ্যে হামলা অথচ পুলিশের ফাইনাল রিপোর্টের প্রস্তুতি” শীর্ষক সংবাদে পুলিশ প্রশাসনের টনক নড়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজিকে (ক্রাইম) প্রকাশিত সংবাদে উল্লেখিত মামলাসমূহের তদন্তের অবস্থা সম্পর্কে অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেয়া হয়। এ ছাড়া বিভিন্ন থানায় যেসব মামলা তদন্তের নামে হয়রানি, উেকাচ বাণিজ্য ও ভিন্নখাতে নেয়া হয়ে থাকে ঐ সব বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে সতর্ক এবং জেলা পুলিশ সুপার যথাযথভাবে মামলা তদন্ত ও কার্যক্রম তদারকি কিংবা মনিটর করতে পুলিশ প্রধান নির্দেশনা দেন।