পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

চট্টগ্রামে ৩৪ শিবির কর্মী কারাগারে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৬
নগরীর এনায়েতবাজার এলাকায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ৩৪ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। কোতোয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার সিনহা বাদী হয়ে অগ্নিসংযোগ, ভাংচুর, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলার আসামিদের ধরতে গত মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার নগরীর আন্দরকিল্লা, বাকলিয়া এলাকার একটি মেস ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে এবং পাঁচলাইশ থানাধীন বিভিন্ন এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়। আটক শিবির কর্মীদের মধ্যে ১২ জন মামলার এজাহারভুক্ত আসামি বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইত্তেফাককে জানান। এর আগে গত মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল থেকে ১০ শিবির কর্মীকে আটক করে। এদিকে আটক ৩৪ শিবির কর্মীকে গতকাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সোলায়মানের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী রবিবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে গ্রেফতারকৃত শিবির কর্মীদের মুক্তি দাবি করেছেন চট্টগ্রাম জোনাল জামায়াতের নেতারা। গতকাল এক যুক্ত বিবৃতিতে তারা জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিলে বাধাদান, পুলিশী হামলা, গণগ্রেফতারের তীব্র নিন্দা জানান। জামায়াত নেতারা অবিলম্বে এনায়েতবাজার, চন্দনপুরাসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। গত মঙ্গলবার সকালে নগরীর এনায়েতবাজার এলাকায় কাদের মোল্লার রায় প্রত্যাখ্যান করে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এসময় দুর্বৃত্তরা পুলিশের একটি ট্রাক ও একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে।