ভারত থেকে বিদ্যুত্ আসবে ২৭ সেপ্টেম্বর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৬
ভারত থেকে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে বিদ্যুত্ আসা শুরু হবে। পরীক্ষামূলকভাবে আপাতত ৫০ মেগাওয়াট বিদ্যুত্ আসবে। পরীক্ষামূলক বিদ্যুত্ সরবরাহের জন্য বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড (পিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার লিমিটেড (এনটিপিসি)-এর মধ্যে চুক্তি হয়েছে। গতকাল বুধবার ওয়াপদা ভবনে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে বাংলাদেশের পক্ষে পিডিবির সচিব আজিজুল ইসলাম ও ভারতের পক্ষে এনটিপিসির অঙ্গ প্রতিষ্ঠান বিদ্যুত্ বেপার নিগমের (এনভিভিএন) প্রধান নির্বাহী কর্মকর্তা এনকে শর্মা স্বাক্ষর করেন। ভারত থেকে বিদ্যুত্ আমদানির প্রস্তুতি এবং আনুষ্ঠানিক বিদ্যুত্ সরবরাহের বিষয়ে আলোচনা করতে বুধবার সকালে ভারতের চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসছেন। প্রতিনিধিদলে পাওয়ার গ্রিড অব ইন্ডিয়া ও এনভিভিএনের কর্মকর্তারা আছেন। পিডিবি সূত্র জানায়, পরীক্ষামূলক বিদ্যুত্ সরবরাহের জন্য ভারতের পক্ষ থেকে চার কোটি ২১ লাখ রুপি চাওয়া হয়েছিল। পরে তা আলোচনার মাধ্যমে তিন কোটি রুপি পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে করা বিদ্যুত্ ক্রয়চুক্তির অধীনে এটি সম্পূরক চুক্তি। পিডিবির একজন কর্মকর্তা জানান, পরে এই টাকা মূল বিলের সঙ্গে সমন্বয় করা হবে। এই টাকা চুক্তি অনুযায়ী এক সপ্তাহ আগেই পরিশোধের কথা থাকলেও টাকা পরিশোধ করতে করতে পরীক্ষামূলক বিদ্যুত্ সরবরাহ শুরু হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সঞ্চালন লাইন চালু হবে। ২৭ সেপ্টেম্বর ৫০ মেগাওয়াট সরবরাহ করা হবে। ১০ আক্টোবর পর্যন্ত এই পরীক্ষামূলক সরবরাহ চলবে।