জামায়াতের ডাকা হরতাল চলাকালে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ ঘটে। শিবির কর্মীরা ১০/১২টি গাড়ি ভাংচুর করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের রাবার বুলেটে ৩ জন আহত হয়। এছাড়া হরতালে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, মিরপুরের কালসী ও পুরনো ঢাকার বাবুবাজারে কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং পুলিশের সঙ্গে পিকেটারদের বিক্ষিপ্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জামায়াত ৪৮ ঘণ্টার এই হরতাল আহ্বান করে। এ হরতাল আগামীকাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।
হরতালে ট্রেন, লঞ্চ, বিমান চলাচল ছিল স্বাভাবিক। নগরীতে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন চলাচল করে। তবে রাজধানীর সাথে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ ছিল। সচিবালয়সহ অফিস আদালতে কাজকর্ম চলে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হয়। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিল। এ কারণে নগরীর কয়েকটি স্থানে জামায়াত-শিবিরের চোরাগুপ্তা হামলার পরিকল্পনা ভেস্তে যায়। রাজধানীতে পিকেটিংকালে ১২ জনকে আটক করে পুলিশ।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবিরকর্মীরা পল্টন মোড় থেকে হরতাল সমর্থনে একটি মিছিল বের করে দৈনিক বাংলা মোড়ের দিকে যায়। বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে শিবির কর্মীরা রাস্তায় গাড়িতে হামলা চালায়। মিছিলটি দৈনিক বাংলা মোড়ে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় ২০ মিনিট ধরে পুলিশের সঙ্গে শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের রাবার বুলেটে ৩ জন আহত হয়। এদের মধ্যে মমিনুল নামে এক যুবকের পরিচয় জানা গেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সকালে হরতাল চলাকালে পিকেটিং করার অভিযোগে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে দুইজনকে আটক করে খিলগাঁও থানার পুলিশ। পরে তাদের সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদের মধ্যে শফিউল্লাহ নামের একজনকে এক বছর ও আরেকজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর মনিপুরের কালশী রোড এলাকায় স্থানীয় শিবিরের কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশী বাধার মুখে পড়ে। এ সময় সেখানে শিবিরকর্মীরা পরপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে পুলিশ ধাওয়া দিয়ে ৪ শিবির কর্মীকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের পল্লবী থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে হরতালের কারণে গতকাল গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। অবশ্য গাবতলী থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী লোকাল বাসের চলাচল লক্ষ্য করা যায়। মিরপুর ১ নম্বর সার্কেল ও পল্লবী থেকেও রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল করতে দেখা গেছে। এসব এলাকার মার্কেট ও বিপণী-বিতানগুলো হরতালের কারণে বন্ধ ছিল। সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে পুরান ঢাকার নয়াবাজার এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাবুবাজার সেতুর দিকে যাওয়ার সময় পুলিশ তাঁদের উদ্দেশে ফাঁকা গুলি চালায়। এ সময় শিবিরের কর্মীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ও সড়কে থাকা দুইটি যাত্রীবাহী বাসের কাঁচ ভাঙচুর করে পালিয়ে যায়। পরে সকাল ১০টার দিকে ফরাশগঞ্জ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে আবার বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শিবিরের কর্মী সন্দেহে দুইজনকে আটক করে গেন্ডারিয়া থানার পুলিশ।
সকাল সাড়ে ৬টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেইটের সামনে পুলিশের বাধা এড়াতে নতুন কৌশল হিসেবে হরতালের সমর্থনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে ৫/৬ জন যুবক। ওই সময় সড়কের একপাশে একদল পুলিশ ছিল। অন্য পাশ দিয়ে দিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যায় ওই যুবকরা। পুলিশকে অতিক্রমের পর তারা ব্যানার বের করে, যা ছিল শিবিরের। পরে পুলিশকে এগুতে দেখে যুবকরা ব্যানার ফেলে দৌড়ে পালায়। ফেলে রাখা ব্যানারটিতে লেখা রয়েছে ‘তিতুমীর কলেজ ছাত্র শিবির’। ব্যানারটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। সকাল সাড়ে ৬টায় তেজগাঁও বিজ্ঞান কলেজের সামনে থেকে ১৫-২০ জন শিবির কর্মী একটি মিছিল বের করেন। পরে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত পালিয়ে যায়। এদিকে হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডা, বনশ্রী ও পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা।
