বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধান সংশোধন করা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল না। অথচ তারা এটি করে জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের অশুভ পরিকল্পনা বানচালের শক্তি হচ্ছে জনগণ। খালেদা জিয়ার নেতৃত্বেই জনগণ সরকারের একদলীয় একতরফা নির্বাচন প্রতিহত করবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণের কারণে তাদের উপর বিএনপির আস্থা কমে যাচ্ছে। আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দীনও বলেছেন, একজন প্রতিমন্ত্রীর স্বার্থ রক্ষা করতে গিয়ে নির্বাচন কমিশন অন্যজনের স্বার্থের ক্ষতি করেছে।
