রাঙ্গামাটিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩২

রাঙ্গামাটি প্রতিনিধি

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এই পূর্ণিমায় জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার সকালে পার্বত্য ভিক্ষু সংঘ ও আনন্দ বিহার সদ্ধর্ম দায়ক-দায়িকার উদ্যোগে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ফিতা কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙ্গামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে রঙ-বেরঙের বৌদ্ধ পতাকা হাতে নিয়ে পুণ্যার্থী বৌদ্ধ ধর্মাবলম্বী নারী ও পুরুষ অংশ নেন। পরে আনন্দ বিহার উপাসনালয়ে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমত্ শ্রদ্ধালংকার ভিক্ষুর সভাপতিত্বে বক্তব্যে দেন চাকমা রাজ বিহারের অধ্যক্ষ শীলপাল ভিক্ষু, বুদ্ধদত্ত ভিক্ষু প্রমুখ। উত্সব উপলক্ষে বাংলাদেশের প্রধান বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহার, মৈত্রী বিহার, আনন্দ বিহার, মিলন বিহার, লুম্বিনী বন বিহার, স্বর্গপুর বন বিহার, সাপছড়ি মধ্যপাড়া বৌদ্ধ বিহারসহ প্রতিটি বৌদ্ধ মন্দিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এদিকে বুদ্ধ পূর্ণিমায় জঙ্গি হামলার হুমকিতে রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।