সুনামগঞ্জে শান্তা ‘হত্যা’র বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৩

সুনামগঞ্জ প্রতিনিধি

সিলেট বিভাগীয় শহরের পার্ক ভিউ হাসপাতালের চিকিত্সক ডা. প্রিয়াংকা তালুকদার শান্তার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে  বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নারীনেত্রী শীলা রায়, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, গৌরী ভট্টাচার্য্য প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্বশুরবাড়ি সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার পল্লবী সি ব্লকের ২৫ নম্বর বাসা থেকে প্রিয়াংকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুপুরে তার স্বামী স্থপতি দিবাকর দেব কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্না রানী দেবকে আটক করে পুলিশ।

প্রিয়াংকার বাবা সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সোমবার প্রিয়াংকার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।