বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং স্বেচ্ছাসেবি পরিবেশবাদি সংগঠন শাইন্’র উদ্যোগে বিরল প্রজাতির এক লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। কয়েকদিন আগে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বাঘেরচর গ্রাম থেকে এই বানরটিকে উদ্ধার করা হয়। শেরপুর সদর থানা পুলিশ এই উদ্ধার কাজে সহায়তা করেন।
সপ্তাহখানেক আগে সদর উপজেলার বাঘেরচর গ্রামের কৃষক বশর উদ্দিনের বাড়িতে লজ্জাবতী এই বানরটি ধরা পড়ে। এরপর গত চারদিন ধরে বানরটিকে তারা ওই বাড়িতেই আটকে রাখে। এ সংবাদ পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. কামরুজ্জামান ও পরিবেশবাদি সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি বাঘেরচর গ্রামে গিয়ে বানরটিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু স্বেচ্ছায় বানরটিকে ফেরত দিতে কৃষক বশর উদ্দিন ও তার পরিবারের লোকজন অস্বীকৃতি জানায়। পরে সদর থানা পুলিশের সহায়তায় বানরটিকে উদ্ধার করা হয়।
শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুবিধাজনকস্থানে এই লজ্জাবতী বানরটিকে যথাশীঘ্র অবমুক্ত করা হবে।
