সিলেট বিভাগে এবারও সর্বোচ্চ করদাতা মেসার্স জামিল ইকবাল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৯
গত ১৮ সেপ্টেম্বর সিলেট বিভাগে পালিত হলো জাতীয় আয়কর দিবস ২০১৩। এ উপলক্ষে সিলেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের কমিশনার সোয়ায়েব আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি এবং গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন। সভায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সুধীজনের উপস্থিতিতে মন্ত্রী নিয়মিত কর প্রদান করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এবারও মেসার্স জামিল ইকবাল-এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও এনআরবি ব্যাংকের পরিচালক জামিল ইকবাল সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা হিসেবে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন। সম্মাননা গ্রহণ করেন তার সহোদর জাহিদ ইকবাল। জামিল ইকবাল ২০০৭-০৯ করবর্ষ হতে একটানা সিলেট বিভাগের শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়ে আসছেন। এক প্রতিক্রিয়ায় জাহিদ ইকবাল জানান, সবাই যদি নিয়মিত কর পরিশোধ করি, তাহলে আমাদের দেশ উন্নয়নের দিকে অনেকটা এগিয়ে যাবে। তিনি সরকারের এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। -প্রেস বিজ্ঞপ্তি