উপজেলার দক্ষিণ কেশারপাড় গ্রামের আলী আকবর লন্ডনীর বাড়িতে ‘‘গুপ্তধন’’ পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে স্বর্ণালংকার ও টাকা আদায়ের চেষ্টা চালানোর ঘটনায় বুধবার ভোরে স্থানীয় লোকজন ও পুলিশের হাতে আটক জ্বীনের বাদশাসহ তিন প্রতারককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিক এ আদেশ দেন।
আটককৃত প্রতারকরা হচ্ছেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার বাতাকাশি গ্রামের আবুল হাসেমের ছেলে জ্বীনের বাদশা মনির হোসেন তার শ্বশুর ও শাশুড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অম্বনগর গ্রামের রুহুল কবির ও তার স্ত্রী নুরুন নাহার জেসমিন। আদেশের পরই তাদেরকে নোয়াখালীর কারাগারে প্রেরণের জন্য সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
