বাঁশখালী পৌরসভায় উচ্ছেদ অভিযান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১০
বাঁশখালীতে পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে নালা-ছড়া দখল করে এক শ্রেণির প্রভাবশালীরা সরকারি জায়গার উপর ব্রিজ-কালভার্ট ও দালান-কোঠাসহ বসতি স্থাপন করার পাশাপাশি নালা-ছাড়া ভরাট করে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এনিয়ে পত্র-পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও এতদিন কর্তৃপক্ষের টনক নড়েনি। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পৌর মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দীনের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এদিকে উচ্ছেদ অভিযানে একটি মহল পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে বলেছেন-প্রভাবশালীদের ভবন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে শুধু কয়েকজনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।