বিএনপি-জামায়াত আর হেফাজতীদের ট্রাম কার্ড ৫ মে শেষ হয়েছে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বেগম খালেদা জিয়ার নতুন ধারার সরকারের সমালোচনা করে বলেছেন তাদের নতুন ধারা বিএনপি-জামায়াতী-হেফাজতী সরকার। এদের সরকার গঠিত হলে দেশে জঙ্গীবাদের উত্থান হবে, নতুন নতুন বাংলা ভাইয়ের সৃষ্টি হবে, দীর্ঘদিনের লালিত ও স্বপ্নের নারী প্রগতি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। জামায়াতী-হেফাজতী মিথ্যাচার এখন আর হালে পানি পাচ্ছে না। শাপলা চত্বরে ৫ মে দু’হাজারেরও বেশি মানুষ হত্যা করা হয়েছে বলে যে চিত্কার শুরু করেছিল তাও মিথ্যা প্রমাণিত হয়েছে। তাদের পৃষ্ঠপোষক একটি তথাকথিত মানবাধিকার সংগঠন ৬২ জনের মৃত্যুর যে রিপোর্ট তৈরি করেছিল সেটাও ভুয়া বলে চিহ্নিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে তাদের মিথ্যাচার প্রমাণিত হওয়ায় জনগণ ক্রমেই তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ নাসিম কাজীপুরের নাটুয়ারপাড়া হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি গোলাম মোস্তফা তালুকদার মধু, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, বেলাল হোসেন, লুত্ফর রহমান মুকুল, জিয়াউর রহমান প্রমুখ। এর আগে তিনি নাটুয়ারপাড়া্ পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি নাটুয়ারপাড়া হাটশেড ও একটি পাকা সড়কের উদ্বোধন করেন।