কক্সবাজারে গণপূর্তের জমিতে অবৈধ স্থাপনা

বাধা দেওয়ায় হামলা অভিযুক্ত আটক

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৫

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কলাতলীতে গণপূর্তের জমিতে অবৈধ পাকা স্থাপণা নির্মাণে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন কক্সবাজার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় কক্সবাজার সদর থানায় অভিযোগ দেয়ার পর শুক্রবার বিকেলে অভিযুক্ত দিদারুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় আহতদের সদর হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে।

কক্সবাজার গণপূর্ত উপ-বিভাগ-১’র উপ-বিভাগীয় প্রকৌশলী এস. এম এ জাহিদ অপু মামলার এজাহারে উল্লেখ করেন, কক্সবাজার কলাতলীস্থ শরণ বহুমূখী সমবায় সমিতির নামে বরাদ্দকৃত জমি নীতিমালা অমান্য করায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ইতিপূর্বে বাতিল করা হয়। এ বিষয়ে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিভিল রিভিউ পিটিশন (৪৯৯/২০১৮) চলমান রয়েছে। এসব জমি কক্সবাজার গণপূর্ত বিভাগীয় নামীয় খতিয়ানভূক্ত। ওই জমিতে কক্সবাজারের উখিয়ার রুমখা বাজারপাড়ার মৃত আবদুর রহিমের ছেলে দিদারুল আলম (৫০) ড্রিম গেস্ট ইন নামে একটি গেস্ট হাউস ভবনের স্থাপণা নির্মাণ করছিলেন। খবর পেয়ে উপ-সহকারি প্রকৌশলী মাসুদ মোল্লা, কর্মচারী আশফাক আজম, অফিস সহায়ক নারায়ণ চক্রবর্তী, গাড়ি চালক আনিসুর রহমান ও নাছির মিয়াসহ ঘটনাস্থলে যান।

সেখানে গিয়ে অবৈধভাবে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ বন্ধ করতে বলায় গণপূূর্ত অফিসের কর্মকর্তাদের উপর হামলা চালায় দিদারের নেতৃত্বে ২০/২৫ জন দুর্বৃত্ত? ইট ও অন্যান্য সরঞ্জাম নিয়ে এলোপাতাড়ি প্রহারে আহত হন অভিযোগকারীসহ গণপূর্ত অফিসের অন্যান্যরা।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, সরকারি কর্মকতা-কর্মচারীকে হামলার অভিযোগে মামলা নেয়া হয়েছে। শুক্রবার ঘটনাস্থলে অভিযান চালিয়ে আবারো কাজ করা অবস্থায় অভিযুক্ত দিদারুল আলমকে গ্রেফতার করা হয়েছে।