তিন স্থানে তিন খুন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৩
সুনামগঞ্জ ও টাঙ্গাইলের মির্জাপুর ও মধুপুরে দুর্বৃত্তদের হাতে তিনজন খুন হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সুনামগঞ্জ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আকতাপাড়া গ্রামে গত বুধবার রাতে তৈয়ব আলীর মেয়ে জাকিয়া বেগমকে (২৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহতের বড় বোন সরোপা বেগমকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আহত সরোপাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। মির্জাপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চামারি ফতেপুর গ্রামে ভাড়াটে খুনি চক্রের হাতে শামসুল আলম ভুলু মুন্সি (৭৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। সন্ত্রাসীরা ঐ ব্যক্তিকে খুন করে লাশ সিএনজিতে উঠিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্লা-ছয়দানায় ফেলে পালিয়ে যাওয়ার সময় খুনি চক্রের ৭ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হল ঢাকা জেলার ধামরাই থানার খাগুটিয়া গ্রামের মইনুদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৮), চৌহাট গ্রামের আমিনুল হকের ছেলে রিপন মিয়া (১৯), ভাষান মিয়ার ছেলে রুবেল হোসেন (১৯), ফজলুল হকের ছেলে জহিরুল (১৯), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা গ্রামের ফারুক হোসেনের ছেলে সুজন (২০), নয়াপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে রাজিব হোসেন (১৯) এবং খৈলসিন্দুর গ্রামের কহিনুর ইসলামের ছেলে শাহীনুল ইসলাম (২২)। পরে পুলিশ ঘটনাস্থলে এসে জনতার হাত থেকে খুনিদের উদ্ধার করে চিকিত্সার জন্য জামুর্কি সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ভুলু মুন্সির ছেলে আবুল কাশেম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এদিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাসনেই গ্রামে গত বুধবার শাহানা পারভীন (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। যৌতুকের দাবি না মেটানোয় স্বামী আজাহার আলী তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। প্রথমে মধুপুর হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে সে মারা যায়। এ ব্যাপারে নিহতের বড় ভাই রফিকুল ইসলাম মধুপুর থানায় মামলা করেছেন।