হারের দায় নিলেন মরিনহো

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
চেলসির কোচ মরিনহো জানিয়েছেন, বাসেলের কাছে হারের দায় তাকেই নিতে হবে। ব্রাজিলের অস্কার স্বাগতিক চেলসিকে এগিয়ে দিলেও মোহাম্মদ সালাহ বাসেলের হয়ে সমতা ফেরান এবং ৮১ মিনিটে মার্কো স্ট্রেলারের গোলে সফরকারীরা জয় নিয়ে মাঠ ছাড়ে। মরিনহো খেলা শেষে দায় নিজের মাথায় নিয়ে বলেন, ‘আমরা যখন কোনো ম্যাচে পরাজিত হই, সেসময় আমি কোনো খেলোয়াড় কিংবা ব্যক্তিকে দোষারোপ করি না। আমি নিজের দায় নিয়ে কথা বলি। এই হারের জন্য আমি দায়ী।’ চেলসিতে নতুন যোগ দেয়া স্যামুয়েল ইতো খেলার শুরুতে এবং ডেম্বা বা দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও ফার্নান্দো তোরেস ছিলেন দলের বাইরে। মরিনহো অবশ্য তার স্ট্রাইকারদের সমালোচনা করেননি। যদিও তাদের কাছ থেকে বেশি গোল পাওয়া যাচ্ছে না। পর্তুগীজ এই কোচ বলেন, ‘মৌসুমের বাকি সময়ের জন্যও আমি এই তিন স্ট্রাইকারকে নিয়ে খুশি।’ ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতো রুশ ক্লাব আনঝি মাকাচকালা থেকে চেলসিতে যোগ দেয়ার পর এটাই ছিল তার অভিষেক ম্যাচ। কিন্তু স্টামফোর্ড ব্রিজে ইনজুরি সময়ের আগে বাসেলের গোলরক্ষক ইয়ান সোমেরকে পরখ করতে পারেননি। বাসেল দ্বিতীয় গোলটি দেয়ার আগেই জয়ের জন্য মরিয়া ‘ব্লুজদের’ হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। অপরদিকে পাঁচ কোটি ইউরোর বিনিময়ে চেলসিতে যোগ দেয়া টোরেসকে বাসেলের বিপক্ষে দলেই রাখেননি মরিনহো। এই তিন স্ট্রাইকার চেলসির হয়ে গেল ছয়টি ম্যাচে পাওয়া সাত গোলের মধ্যে কেবল একটিতে নাম লেখাতে পেরেছেন। এটি ছিল উয়েফা সুপার কাপে বায়ার্ন মিউনিখের কাছে হারা ম্যাচটিতে যখন টোরেস একটি গোল করতে সক্ষম হন। মরিনহো বলেন, ‘আমাদের খেলোয়াড়রা ভাল মানের এবং তারা পেশাদারি মনোভাব সম্পন্ন। প্রতিটি ম্যাচে তারা তাদের সর্বোচ্চ ভালটা খেলার চেষ্টা করে। শুভক্ষণ আসবে।’ চেলসি বাসেলের বিপক্ষে প্রথম এক ঘণ্টা প্রাধান্য বিস্তার করে খেলে। অস্কার কয়েকটি গোলের সুযোগও তৈরি করেন। কিন্তু উইঙ্গার মোহাম্মদ সালাহর চমত্কার বাঁকানো শর্টে সুইস চ্যাম্পিয়নরা সমতা ফেরায় এবং শেষ দিকে মার্কো স্ট্রেলারের হেডে স্বাগতিকদের সর্বনাশ ডেকে আনে। পর্তুগীজ এই কোচ মনে করেন, এই হারের ‘ক্ষতিপূরণের’ জন্য ২৬ সেপ্টেম্বর বাসেলকে তাদের মাঠে হারাতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের মধ্যে প্রথম দল হিসেবে চেলসি গত মৌসুমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। ব্লুজরা এরপর জার্মান ক্লাব শালকে এবং রোমানিয়ার শিরোপাধারী স্টুয়া বুখারেস্টের বিপক্ষে খেলবে। আসন্ন খেলাগুলো সম্পর্কে মরিনহো বলেন, ‘আমরা যে তিন পয়েন্ট হারিয়েছি তা যে কোনোভাবেই পুষিয়ে নিতে হবে। সেটা বাসেল, শালকে কিংবা বুখারেস্ট অথবা তাদের সকলের বিপক্ষের ম্যাচ থেকে। সাধারণত, নিজেদের মাঠের ম্যাচে জিতে এরপর বিপক্ষের মাঠ থেকে কিছু পয়েন্ট তুলে নেয়ার চেষ্টা করতে হয়। এখন, আমাদের শালকে এবং স্টুয়ার বিপক্ষের দুটি ম্যাচ থেকে অবশ্যই ছয় পয়েন্ট তুলতে হবে। এছাড়াও আমাদের বিপক্ষের মাঠ থেকেও কিছু পয়েন্ট আনতে হবে।’ তিনি আরো বলেন,‘সম্ভবত এই ম্যাচের হারের ক্ষতি পুষিয়ে নিতেই আমাদের বাসেলের মাঠে যেতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে পরের পর্বে যাওয়ার জন্য গ্রুপে প্রথম দুই দলের মধ্যে থাকতে হয়। আমাদের সেই সম্ভাবনা এখনো হারিয়ে যায়নি। আমরা এই লক্ষ্য নিয়েই লড়াই করবো। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা এই লক্ষ্য অর্জন করবো।’