মেসির নতুন রেকর্ড

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
মারিও গোমেজ এবং ফিলিপ্পো ইনজাঘিকে পেছনে ফেলে লিওনেল মেসি এখন চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক। গত বুধবার রাতে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে মেসির হ্যাটট্রিকে আয়াক্স আমস্টার্ডামকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মেসি এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ হ্যাট্রিক হাঁকালেন। গোমেজ এবং ইনজাঘির এই টুর্নামেন্টে হ্যাটট্রিক তিনটি করে। এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে মেসির সর্বমোট হ্যাট্রিকের সংখ্যা ২৪টি। এ প্রসঙ্গে ২৬ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমি এই হ্যাটট্রিকে খুশি। এর সুবাদে এখন চ্যাম্পিয়ন্স লিগে আমার গোল সংখ্যা ৬২; কিন্তু দল কেমন খেললো সেটি সব থেকে গুরুত্বপূর্ণ।’ আয়াক্সের বিপক্ষের তিনটিসহ চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোল সংখ্যা ৬২। ইউরোপ সেরাদের টুর্নামেন্টে গোল সংখ্যার দিক দিয়ে মেসি এখন দ্বিতীয় স্থানে আছেন। ৭১ গোল নিয়ে স্পেনের রাউল গনজালেস আছেন সবার সামনে। ৩৬ বছর বয়সী রাউল চ্যাম্পিয়ন্স লিগে ১৫৪টি এবং মেসি খেলেছেন ৮০টি ম্যাচ। তাই এই আর্জেন্টাইন তারকার চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের মালিক হওয়া প্রায় নিশ্চিত। মেসি অবশ্য রেকর্ড গড়ার কথা না ভেবে দলের শিরোপা জয় নিয়ে ভাবছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে গোল সংখ্যায় রাউলকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জটা খারাপ না; কিন্তু সেটা অপ্রয়োজনীয়। আমি কয়টি গোল করলাম সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না। দল হিসেবে আমাদের আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। যেমন- এই টুর্নামেন্টে আমরা নিজেদের সাধ্য অনুযায়ী অবস্থানে পৌঁছাতে চেষ্টা করবো। আবারও শিরোপা জয়ের চেষ্টা করবো।’