আবু সিনা ছাত্রাবাস সংরক্ষণ করার মতোই একটি ভবন

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৫

সিলেট অফিস

সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনা আবু সিনা ছাত্রাবাস ভবন পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার দিনব্যাপী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি দল স্থাপনাটি পরিদর্শন করেন। সমপ্রতি স্থাপনাটি ভেঙে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। হাসপাতাল নির্মাণের খবর প্রকাশের পর স্থাপনাটি রক্ষায় আন্দোলনে নামে সিলেটের নাগরিক সমাজ। এ লক্ষ্যে গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়। পরিদর্শন শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিলেট ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান বলেন, এটি সংরক্ষণ করার মতোই একটি ভবন। আমরা ইতিমধ্যে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি।

এদিকে আবু সিনা ছাত্রাবাস রক্ষার চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার উদ্যোগে ‘সিলেটের বিপন্ন স্থাপত্য ঐতিহ্য ও আবু সিনা ছাত্রাবাস ভবন: নাগরিক উদ্বেগ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় শুক্রবার বিকালে।