জুনিয়র টেনিস শুরু আজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
শেখ মো. আসলাম ছিলেন দেশের খ্যাতনামা স্ট্রাইকার। বাফুফের সদস্য হয়ে হাতে নিয়েছিলেন স্কুল ফুটবল। জাতীয় স্কুল ফুটবল নিয়ে দেশ চষে বেড়িয়েছিলেন। স্কুল ফুটবলে তার কর্মকাণ্ড চোখে পড়েছিল অন্যান্য ফেডারেশনের। এর মধ্যে টেনিস ফেডারেশন আসলামকে টেনে নিয়ে জুনিয়র টেনিসের দায়িত্ব দিয়েছে। কারণ টেনিস খেলাটা ভালোই বোঝেন তিনি। ফুটবল ছেড়ে নিয়মিত টেনিস খেলতেন এই তারকা। সরকারি কর্মকর্তা যারা অবসরে টেনিস খেলেন তাদের মধ্যে র্যাকেট হাতে সাবেক ফুটবলার আসলাম বেশ জনপ্রিয়। আসলাম টেনিস ফেডারেশনের সদস্য হয়ে তত্পরতা শুরু করেছেন। আজ সকাল নয়টায় রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে আন্ত: স্কুল টেনিস টুর্নামেন্ট। এর মধ্যে রয়েছে ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজ, স্কলাস্টিকা, প্লেপেন, মানারাত, বিএএফ শাহিন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও, বিসিএসআইআর। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা লড়াই করবে এখানে। শিশু-কিশোরদের এই টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতা করছে একমি এগ্রোভেট এন্ড বেভারেজ লিমিটেড। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বিকালে টেনিস কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক আবদুর রহমান, কোষাধ্যক্ষ খালেদ সালাহউদ্দিন।