মাত্র এক মাসের ব্যবধানে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে ফের ধস নেমেছে।গত বুধবার রাতে হার্ড পয়েন্টের শহীদ শেখ রাসেল শিশুপার্কের সামনে বাঁধের প্রায় ১শ’ মিটার অংশ নদীতে বিলীন হয়ে যায়। এদিকে হার্ডপয়েন্ট এলাকা পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮ সংমিশ্রণ বিগ্রেডের একটি টিম মোতায়েন করা হয়েছে। ধস নামার পর থেকেই সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ধস এলাকায় জিওটেক্স ভর্তি বালুর বস্তা ও সিমেন্টের তৈরি সিসি ব্লক নিক্ষেপ শুরু করছে। পানি উন্নয়ন বোর্ড ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে যমুনা নদীর এই শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টের ৯৬০ সেকশন থেকে ১০৬০ সেকশন পর্যন্ত বাঁধের তলদেশ থেকে বুদবুুদ উঠতে থাকে। এর কিছুক্ষণ পর বাঁধের সিসি ব্লক আর কংক্রিটের অংশ একের পর এক নদীতে ধসে যেতে শুরু করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের (বিশেষায়িত শাখার) নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান জানান, প্রতিনিয়ত ব্যাথিমেটিক সার্েভ করে বাঁধের তলদেশে পর্যবেক্ষণ করা হয়। যখন যেখানে গর্তের সন্ধান পাওয়া যায়, সেখানেই বালুর বস্তা নিক্ষেপ করা হচ্ছে। যমুনা নদীর গতি প্রকৃতি বোঝা মুশকিল। কখন কোন্ রূপ ধারণ করে সহজে অনুমান করা কঠিন। গত বুধবার রাতে নদীতে প্রবল ঘূর্ণাবর্তের কারণে বাঁধের নিচ অংশে ভরাটকৃত মাটি সরে যায়। এতে উপরের সিসি ব্লকগুলো দেবে গিয়ে ধস নামে। ধসে যাওয়া স্থানে বালুর বস্তা নিক্ষেপ করে আয়ত্তে আনার চেষ্টা চালানো হচ্ছে।
