গ্রীসে একজন ‘হিপ-হপ’ আর্টিস্টের হত্যাকান্ডকে ঘিরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা থেকেই বিক্ষোভকারী জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। গতকালও খন্ড খন্ড সংঘর্ষ অব্যাহত ছিল। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শত শত রাউন্ড কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং লাঠিচার্জ করে। পুলিশ এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে। খবর সিএনএনের।
সূত্র জানায়, পাবলো ফাইসাস নামে ৩৪ বছর বয়সী একজন হিপ-হপ আর্টিস্ট ও ফ্যাসিবাদ বিরোধী কর্মীকে বুধবার একটি ক্যাফের বাইরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ডানপন্থি রাজনৈতিক দল গোল্ডেন ডনের একজন নেতার বিরুদ্ধে এই হত্যাকান্ডের অভিযোগ ওঠে। পুলিশ তাকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই হত্যাকান্ডের সাথে দলের যোগসূত্র আছে কি না তা খুঁজে বের করতে ওই রাজনৈতিক দলের কয়েকটি অফিসে পুলিশ অভিযান চালিয়েছে । পাবলোর হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে বুধবার সন্ধ্যায় হাজার হাজার লোক রাজপথে নেমে আসে। যেখানে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল সেখানে গিয়ে বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং কয়েকটি পুলিশ স্টেশনের বাইরে আগুন লাগিয়ে দেয়।
এদিকে, গ্রিসের জন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রী এই হত্যাকাণ্ডকে ‘ঘৃণ্য’ কাজ উল্লেখ করে বলেছেন, এ ধরনের অপরাধ দমনের জন্য ক্রিমিনাল কোড সংশোধনের চিন্তাভাবনা করছে সরকার। গোল্ডেন ডন পার্টি এক বিবৃতি দিয়ে এই হত্যাকান্ডের সাথে দলের সম্পৃক্ততা অস্বীকার করেছে।
