কথা নেই, তাকিয়ে দেখলেন পুলিশ প্রধানকে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৫
পুলিশ প্রধানকে কাছে পেয়েও কোন কথা বলতে পারেননি গুলিতে আহত পুলিশ কনস্টেবল ইকবাল হোসেন। হাসপাতালের বেডে শুয়ে করুণ দৃষ্টি নিয়ে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখলেন। একই ভাবে দেখলেন মহা-পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। —এ দৃশ্য গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে। এর কয়েক ঘণ্টা আগে এখানেই ইকবাল হোসেনের অস্ত্রোপচার হয়। আর গতকাল বিকালেই উন্নত চিকিত্সার জন্য স্থানান্তর করা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ)। সকালে বক্ষব্যাধি হাসপাতালে চিকিত্সাধীন কনস্টেবল ইকবাল হোসেনকে দেখতে যান পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার। তিনি এ সময় পুলিশ সদস্যের চিকিত্সার খোঁজ-খবর নেন এবং উন্নত চিকিত্সা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিত্সকদের অনুরোধ জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী ও এআইজি রখফার সুলতানা খানমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান জানিয়েছেন, আগের চেয়ে অনেকটা ভাল আছেন। জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিন বুধবার সকালে পুলিশ কনস্টেবল ইকবাল হোসেন দায়িত্ব পালন করছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফুলতলা বাজার সাতকানিয়া-বাঁশতলী সড়কে। এ সময় জামায়াত শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ইকবাল হোসেন (২৩) ডান হাত ও বুকে গুলিবিদ্ধ হয়। প্রথমে তাকে ভর্তি করা হয় সাতকানিয়া উপজেলা হাসপাতালে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে প্রেরণ করা হয় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে। হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত দুটো থেকে ভোর ছয়টা পর্যন্ত টানা চার ঘণ্টা ধরে ইকবাল হোসেনের দেহে অস্ত্রোপচার করে তিনটি গুলি বের করা হয়। এরপর রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দে ( আইসিইউ)। বিকালে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।