তথ্যপ্রযুক্তির ‘অপব্যবহার’ রোধে কোন ধরনের পরোয়ানা (ওয়ারেন্ট) ছাড়াই পুলিশকে গ্রেফতারের ক্ষমতা প্রদান এবং সর্বোচ্চ শাস্তির মেয়াদ বাড়িয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) বিল-২০১৩ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক বিলটি উত্থাপন করেন। বিল আরও পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। চলতি অধিবেশনের প্রথম কার্যদিবসে (গত ১২ সেপ্টেম্বর) আইসিটি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। প্রস্তাবিত আইনে শাস্তির মেয়াদ বাড়িয়ে সর্বনিম্ন সাত বছর এবং সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ২০০৬ সালের পাস হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান ছিল।
সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি গত ২০ অগাষ্ট বহুল আলোচিত ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের সংশোধনে অধ্যাদেশ জারি করেন। আর আগের দিন অর্থাত্ ১৯ অগাষ্ট মন্ত্রিপরিষদের সভায় অধ্যদেশ অনুমোদন পায়। সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে। অধ্যাদেশটি পরবর্তীতে আইনে পরিণত করতে সংসদে উপস্থাপনের ৩০ দিনের মধ্যে বিল আকারে পাস করানোর বিধান রয়েছে।
প্রস্তাবিত আইনে কিছু অপরাধ জামিনের অযোগ্য করা হয়েছে। আগের আইনে সব অপরাধ জামিন যোগ্য ছিলো। বিলে আইসিটি সংক্রান্ত বেশকিছু অপরাধ আমলযোগ্য রাখা হয়েছে। এছাড়া আগের আইনে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতো। কিন্তু নতুন আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার কোন প্রয়োজন নেই। পুলিশ অপরাধ আমলে নিয়েই মামলা করতে পারবে।
পণ্যে পাটজাত মোড়কের
ব্যবহার বিল পাস
গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) বিল-২০১৩ কণ্ঠভোটে পাস হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বিলটি উত্থাপন করার পর পাসের প্রস্তাব করেন। বিরোধী দলের সদস্যরা বিলটিতে সংশোধনী প্রস্তাব দিলেও তারা কেউই সংসদে উপস্থিত ছিলেন না। ফলে তাদের অনুপস্থিতির কারণে প্রস্তাব উত্থাপিত হয়নি। ২০১০ সালে প্রণীত এ আইনের ৫ (১) ধারায় গঠিত উপদেষ্টা কমিটিতে বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান, জুট মিলস অ্যাসোসিয়েসন ও জুট স্পিনার্স অ্যাসোসিয়েসনের সভাপতিকে অন্তর্ভুক্ত করার জন্য সংশোধনী এনে বিলটি পাস করা হয়।
