উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি উত্তরপত্র পাওয়া গেলো ডুমুরিয়া মহাবিদ্যালয় অধ্যক্ষ এসএম গোলাম হায়দারের অফিস কক্ষে রক্ষিত টেবিলের ড্রয়ারে। গত বুধবার বিকেলে ২৩ আগস্ট অনুষ্ঠিত সমাজ কল্যাণ পরীক্ষার এই উত্তরপত্রটি গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা ও ডুমুরিয়া থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন উদ্ধার করেন।
১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দায়েরের পর অধ্যক্ষ এসএম গোলাম হায়দারকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। সেখানে অধ্যক্ষের পক্ষে জামিনের আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।
মহাবিদ্যালয় উপাধ্যক্ষ হোসনেয়ারা খানম জানান, পরীক্ষা শেষে অধ্যক্ষের কক্ষে বসে সকল উত্তরপত্র বাইন্ডিং করে সরকারি ডাকযোগে পাঠানো হয়। তবে কিভাবে উত্তরপত্রটি অধ্যক্ষের ড্রয়ারে পাওয়া গেছে তা এই মুহূর্তে বলা অসম্ভব। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত উত্তরপত্রটিতে হল পরিদর্শক উক্ত মহাবিদ্যালয় ডেমোনেস্ট্রেটর ইসমাইল হোসেনের স্বাক্ষর রয়েছে। উত্তরপত্রের নম্বর- ৮১০২৪।
