মেহেরপুর ও সিরাজগঞ্জে সংঘর্ষ, হামলায় নিহত ২

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪০
কাদের মোল্লার ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘন্টা হরতালের শেষ ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। মেহেরপুরে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৪) নামের এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এসময় পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশের পিকআপ ভ্যান। সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডিদাসগাতিতে জামায়াত-শিবির কর্মীদের পিটুনিতে সিএনজি অটোরিকশার যাত্রী মাসুদ (২৭) নিহত হয়েছেন। গাজীপুরের ভোগড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে শিবির কর্মীরা। এতে বাসচালক নজরুল ইসলাম (৪০) অগ্নিদগ্ধসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত-শিবির ক্যাডারদের দেয়া পেট্রোলের আগুনে পুড়ে ঝলসে গেছে ট্রাক চালক সিকান্দারের (৫০) শরীর। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। বগুড়ার শেরপুরেও হরতাল চলাকালে ট্রাকে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। এই ঘটনায় ট্রাক চালক সামছুল হক (৫২) মারাত্মক দগ্ধ হন। এছাড়া হরতাল চলাকালে সিলেট, রাজশাহী, জয়পুরহাটসহ বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। বরিশালের বানারীপাড়ায় হরতাল সমর্থকদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মেহেরপুর প্রতিনিধি জানান, গতকাল সকালে মেহেরপুর শহরের উপকণ্ঠ বন্দর মোড়ে জামায়াত-শিবির সড়ক অবরোধ করে। এসময় পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করতে গেলে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে অবরোধকারীরা পুলিশভ্যানে অগ্নিসংযোগ করে। অন্যদিকে মেহেরপুর মুজিবনগর সড়কের গৌরীনগর এলাকায় পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ বাধলে মুজিবনগর থানার ওসি রবিউল ইসলামসহ ৪ জন পুলিশ কনস্টেবল এবং জামায়াত-শিবিরের ৮ জন আহত হয়েছে। এসময় পুলিশের ছোঁড়া গুলিতে এক জামায়াত কর্মী দেলোয়ার মারাত্মক আহত হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার সে পথে মারা যায়। পুলিশ সুপার এ,কে,এম নাহিদুজ্জামান জানান, সকাল থেকেই জামায়াত-শিবির মারমুখি অবস্থান নেয়। এসময় পুলিশ একশনে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। যশোর অফিস জানায়, মেহেরপুরে জামায়াত-শিবিরের হামলায় গুরুতর জখম সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মান্নানকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে তাকে এ হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে মেহেরপুরে হামলার শিকার হওয়ার পর প্রথমে তাকে মেহেরপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। সিএমএইচ-এর চিকিত্সক লে. কর্নেল মোখলেসুর রহমান জানিয়েছেন, জখম পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তার বাম হাতের হাড় ভেঙ্গে গেছে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল দুপুর ১২টার দিকে দুই যাত্রীকে নিয়ে সিরাজগঞ্জগামী একটি অটোরিকশা চণ্ডিদাসগাতির বেইলি ব্রিজের কাছে পৌঁছলে জামায়াত-শিবির কর্মীরা সেটিকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে যায়। পরে জামায়াত-শিবির কর্মীরা অটোরিকশাটি ভাংচুর এবং যাত্রীদের মারধর করে। এতে যাত্রী রায়গঞ্জের দেওভোগ গ্রামের মকবুল হোসেনের পুত্র মাসুদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিত্সাধীন অবস্থায় মাসুদ বিকাল ৪টার দিকে মারা যান। গাজীপুর প্রতিনিধি জানান, চান্দনা চৌরাস্তা থেকে সকাল নয়টার দিকে ভিআইপি-২৭ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় কয়েকজন শিবির কর্মী যাত্রী বেশে বাসে উঠে। বাসটি স্থানীয় বর্ষা সিনেমা হলের সামনে পৌঁছলে ওই শিবির কর্মীরা কেরোসিন ও পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে চালকসহ কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। অগ্নিদগ্ধ বাসচালক মহানগরের হায়দরাবাদ এলাকার নজরুল ইসলামকে (৪০) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় ১০/১২ জন শিবির কর্মী ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় এলাকাবাসি ও ব্যবসায়ীরা জড়ো হয়ে আট শিবির কর্মীকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ককটেল, গান পাউডার, কোরোসিন ও পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। বগুড়া প্রতিনিধি জানান, জামায়াতের ডাকা হরতাল চলাকালে বুধবার রাতে ঢাকা থেকে সার বোঝাই ট্রাক নিয়ে বগুড়া ফিরছিলেন চালক সামছুল হক (৫২)। তিনি ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার দশমাইল ঈদগাঁহ মাঠের সামনে পৌঁছলে হরতাল সমর্থকরা ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৬-০৪০৪) গতিরোধ করে তাতে আগুন ধরিয়ে দেয়। পিকেটারদের আগুনে মারাত্মক দগ্ধ হন ট্রাক চালক সামছুল। স্থানীয় এলাকাবাসী চালককে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় পাঠানো হয়। বগুড়ার সহকারি পুলিশ সুপার (এএসপি) গাজীউর রহমান জানান, শেরপুরে ট্রাকে আগুন এবং বগুড়া শহরে পিকেটিংয়ের ঘটনাসহ জামায়াত-শিবিরের ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এরমধ্যে ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার চৌদ্দগ্রামে হরতালের নৃশংসতার শিকার হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন ট্রাক চালক সিকান্দার। তিনি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার উত্তর কেবলনগর গ্রামের মৃত ইয়াছিন মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার মাদরাসা এলাকায় জামায়াত-শিবিরের সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা অতর্কিতভাবে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১১-১৬৫৯) পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চালকসহ ট্রাকটিকে গ্রাস করে। এতে ট্রাক চালক অগ্নিদগ্ধ হন এবং ট্রাকটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আগের দিন লাকসামে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ২৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলার প্রধান প্রধান সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও ট্রাক ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। এদিকে হরতালের আগের দিন শহরের অদূরে কদমতলা এলাকায় সরকারি কাজে বাধা দান, সড়ক অবরোধ, গাড়ি ভাংচুরসহ নাশকতা সৃষ্টির অভিযোগে জেলা জামায়াতের সেক্রেটারী নূরুল হুদাসহ ১৫০ জামায়াত-শিবির নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। এই মামলায় ৭ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। কালাই (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল বের করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা জামায়াত কর্মীদের বহনকরা ভটভটিতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব লাঠিচার্জ করে। পরশুরাম সংবাদদাতা জানান, বুধবার রাতে হরতাল সমর্থকরা শহরের ট্রাংক রোডে দুটি ককটেল বিস্ফোরণ ঘটালে আতংক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কের কম্পিউটার ইনস্টিটিউটের সামনে হরতাল সমর্থকরা কয়েকটি সিএনজি অটোরিকশাতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এসময় আবদুল মান্নান ও এনায়েত উল্ল¬াহ বাবুসহ ৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আবদুল মান্নান ও এনায়েত উল্ল¬াহ বাবুকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গভীররাতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, জামায়াত-শিবির কর্মীরা ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট ও ছমিরমুন্সির হাট বাজারে মালবাহী ট্রাক-পিকআপ ও মোটরসাইকেলসহ অন্তত ৮/১০টি গাড়ি ভাংচুর করেছে। রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, উপজেলার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বিশ্বাসবাড়ি এলাকায় বুধবার রাত পৌঁনে নয়টার দিকে দুইটি মালবাহী ট্রাক ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা। এ ঘটনায় সম্পৃক্ততা সন্দেহে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। বাগেরহাট প্রতিনিধি জানান, জেলায় পিকেটিং ও বাস ভাংচুরের সময় পুলিশ ৭ শিবির কর্মীকে আটক করেছে। সকালে তাদের বাগেরহাট- খুলনা মহাসড়কের দশানী ও খানকাশরীফ এলাকা থেকে আটক করা হয়। চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা জানান, বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে শিবিরের একটি গ্রুপ হরতালের সমর্থনে পিকেটিং করার সময় পুলিশ তিনজনকে আটক করে। পরে তাদের নিকট থেকে একটি এল জি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, ভোর থেকে শহরের মালদহপট্টি, সরকারি কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে হরতালকারীরা পিকেটিং করে। এ সময় জামায়াত-শিবিরের ৬ কর্মীকে আটক করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। রাজশাহী অফিস জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী মির্জাপুরে গতকাল বিকালে ছাত্রশিবিরের হামলায় ৩ ছাত্রলীগ কর্মীসহ চারজন গুরুতর আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো ছাত্রলীগ কর্মী প্রসেনজিত্, নাহিদ ও সাদ্দাম এবং ছাত্রদল কর্মী মেহেদী হাসান। সাদ্দামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। স্থানীয় মির্জাপুর গ্রামের বাসিন্দা প্রসেনজিত্ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৩য় বর্ষের ছাত্র এবং সাদ্দাম নিউ ডিগ্রি কলেজের ও নাহিদ বিনোদপুরের ইসলামিয়া ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে। এছাড়া ছাত্রদল কর্মী মেহেদী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এদিকে ছাত্রশিবিরের হামলাকারীদের গ্রেফতারে পুলিশ এলাকার বিভিন্ন বাসা ও ছাত্রাবাসে তল্লাশি অভিযান চালায়। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে মহানগরীর ভদ্রা এলাকায় ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে ইসলামী ছাত্রশিবির নেতা-কর্মীরা। সেটি বিজিবির গাড়ির পেছনে বিকট শব্দে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। অন্যদিকে বুধবার গভীর রাতে মহানগরীর পঞ্চবটি এলাকায় ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুনে অফিসে থাকা একটি মোটর সাইকেল, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্র পুড়ে যায় বলে মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ডাবলু সরকার জানান। বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে পৌর শহরের ৫নং ওয়ার্ডের চৌমাথায় হরতালের সমর্থনে জামায়াত-শিবির নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবরোধ সৃষ্টি ও ওই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলটের সামনের দক্ষিণ পাশের সড়ক অতিক্রমকালে ওসির নেতৃত্বে পুলিশ তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালালে ওসি গোলাম ছরোয়ার, এস আই মোতালেব হোসেন ও এএসআই আঃ হাই গুরুতর আহত হন। সিলেট অফিস জানায়, সকালে সুবিদবাজার এলাকায় শিবির একটি মিছিল বের করে। এরপর তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে। এসময় পুলিশের একটি টহল দল সেখানে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়। ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শিবির কর্মীরা পুলিশের একটি গাড়িও ভাংচুর করেছে। হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা প্রতিনিধি জানান, রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর ও জুনদহ এলাকায়, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাট, ঠুটিয়াপুকুর এবং হাসপাতাল এলাকায় গতকাল ভোরে শতাধিক জামায়াত-শিবিরকর্মী অবস্থান নেয়। তারা ঘাড়ে ব্যাগ বোঝাই ইটপাটকেল নিয়ে সড়কের পার্শ্ববর্তী কলার ক্ষেত ও গাছপালার আড়ালে লুকিয়ে বুধবার রাত ৯টার পর থেকে গতকাল ভোর ৬টা পর্যন্ত চলাচলকারি গাড়ীগুলোর উপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে অর্ধশতাধিক বাস, ট্রাক, প্রাইভেটকার, ভটভটি, টেম্পু, অটোবাইক, সিএনজি ক্ষতিগ্রস্ত হয়। বরিশাল অফিস জানায়, গতকাল সকালে শিবিরের মহানগর শাখার সভাপতি আব্দুল্ল¬াহ আল নাহিয়ানের নেতৃত্বে ২০/২৫ জন শিবিরকর্মীরা নগরীর সিঅ্যান্ডবি রোডস্থ ডিপোতে রাখা দু’টি সিটি বাসে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয়টি গুলি ছোঁড়ে। এসময় তিন শিবির কর্মীকে আটক করা হয়। চট্টগ্রাম অফিস জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর শামসুজ্জামান হেলালীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তাকে নগরীর শুলকবহর এলাকায় মিছিলের প্রস্তুতি নেয়ার সময় গ্রেফতার করা হয়। সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, জামায়াত-শিবির কর্মীরা বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার হাসমতের দোকান, শিশুতল, আন্ধার মানিক দরগাহ, বাজালিয়া, মাহালিয়া, দস্তিদার হাট এলাকায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করেছে। ভোরে উপজেলার মৌলভীর দোকান এলাকায় তারা পত্রিকা বহনকারী গাড়িও ভাংচুর করেছে বলে জানা গেছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, শহরের বাসস্ট্যান্ড এলাকায় কর্তব্যরত পুুলিশদের লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুুলিশ দৌড় দিয়ে রক্ষা পায়। এছাড়া জামায়াত শিবির কর্মীরা বিভিন্ন রাস্তায় অর্ধশতাধিক গাড়ী ভাংচুর করে। হিচমী পল্লীবিদ্যুত্ এলাকায় একটি ট্রাক ও একটি মটরসাইকেলে অগ্নিসংযোগ করে। শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা জানান, শাহরাস্তিতে পিকেটিংকালে ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। ভোরে দোয়াভাঙ্গা নরিংপুর আঞ্চলিক সড়কের মেহের ডিগ্রি কলেজ এলাকার সড়কে পিকেটিংকালে তাদের আটক করা হয়। নোয়াখালী প্রতিনিধি জানান, বুধবার রাতে জেলা শহরের দত্তেরহাটে একটি অটোরিকশা ও একটি মটর সাইকেল ভাংচুর করে হরতাল সমর্থকরা। একই রাতে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকা থেকে পুলিশ অস্ত্রসহ জামায়াতের ৩ কর্মীকে এবং বিভিন্ন থানা এলাকা থেকে আরো ৫ জনকে গ্রেফতার করে। গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বুধবার গভীর রাতে আগৈলঝাড়া থানা পুলিশ রথখোলা থেকে জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-রাজিহার ইউনিয়ন জামায়াতের আমীর জামিল সরোয়ার, রত্নপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা গিয়াস উদ্দিন সিকদার, জামায়াত নেতা আব্দুল মজিদ গোমস্তা ও জালাল গোমস্তা।