কক্সবাজারের রামুতে গত বছরের সহিংস ঘটনার বর্ষপূর্তির ক্রান্তিলগ্নে বিপুল উত্সাহ উদ্দীপনায় উত্সব মুখর পরিবেশে বৌদ্ধ সমপ্রদায়ের শুভ মধু পূর্ণিমা উদযাপন করা হয়। পূর্ণিমা উপলক্ষে দেশ-বিদেশি পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠে নবনির্মিত বৌদ্ধ বিহার প্রাঙ্গণ। সবচেয়ে আকর্ষণীয় ছিল হাজার হাজার নারী-পুরুষের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শতাধিক বৌদ্ধ ভিক্ষু, শ্রামণকে মধু দানের দৃশ্য। গতকাল বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর পূর্ণিমা উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সীমা বিহারে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, বর্ষাবাসের উপোসথ শীল গ্রহণ, ভিক্ষুদের পিন্ডদান, প্রদীপ পূজা ও ধর্ম সভা। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি, কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের।
সভায় জগতের সকল প্রাণী, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এতে ধর্ম দেশনা করেন সীমা বিহারের উপাধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু, আবাসিক প্রধান প্রজ্ঞানন্দ ভিক্ষু, দ্বীপ শ্রীকুল বৌদ্ধ বিহারের শুকাচারা মহাথের, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র থের, উখিয়া পাতাবাড়ী আনন্দ ভবন বৌদ্ধ বিহারের প্রজ্ঞাবোধি থের, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ করুণাশ্রী থের, উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের শীলমিত্র থের, হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারের জ্যোতিবোধি ভিক্ষু, খরুলিয়া বৌদ্ধ বিহারের কল্যাণপ্রিয় ভিক্ষু প্রমুখ।
