জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায় ঘোষণার মাধ্যমে অবিলম্বে তা কার্যকর করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এ দাবিতে আজ শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে গণসমাবেশের আয়োজন করেছে মঞ্চ।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গতকাল দুপুরে রাজধানীতে হরতাল বিরোধী মিছিলও করেছেন মঞ্চের সংগঠক-কর্মীরা। জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘর থেকে শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, কাঁটাবন হয়ে মিছিলটি শাহবাগে এসে শেষ হয়।
মিছিলশেষে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের। এ দলকে রাজনীতি থেকে নিষিদ্ধ এবং অবাঞ্ছিত না করা হলে দেশের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। রাষ্ট্রে বিশৃংখলা সৃষ্টি করে জনগণের শান্তিভঙ্গ করছে তারা। হরতাল ডেকে ধৃষ্টতা দেখিয়েছে দলটি। জামায়াতকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
