অধিকার সম্পাদকের জামিন আবেদন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে গ্রেপ্তার, মানবাধিকার সংস্থা অধিকার এর সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রর জামিনের জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আদিলুরের আইনজীবী এ আবেদন করেন। একইসঙ্গে তিনি মামলার সহিমোহরী নকল পাওয়ার জন্য আরেকটি আবেদন করেন। আদিলুরের আইনজীবীরা আদালতে জামিন আবেদনের শুনানিতে বলেন, আসামি একমাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন। পিপি (সরকারি কৌঁসুলি) নাই এই দায় আসামির নয়। এজন্য আসামি কষ্ট পেতে পারে না। এর দায় সরকারের। এতে আসামির মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এছাড়া ৫৪ ধারায় যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন। শুনানি শেষে মামলায় রাষ্ট্রপক্ষে কোন আইনজীবী নিযুক্ত না হওয়ায় সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম ২৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য দিন ধার্য করেন। এ সময় আদালত আসামিপক্ষকে মামলার সহিমোহরী নকল সরবরাহের ব্যবস্থা করারও নির্দেশ দেন। ওইদিন আদিলুরকে কারাগার থেকে আদালতে হাজির করতেও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলার শুনানির সময় বৃটিশ, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, ফ্রান্স, নেপাল দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারাও আদালতে উপস্থিত ছিলেন। সাইবার ক্রাইম টিম তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে গত ১০ আগস্ট আদিলুর রহমানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) গ্রেপ্তার করে।