ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেলেন দশমিনার আওয়ামী নেতা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্টের নির্দেশে সদর ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেলেন পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী নেতা অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন। লিটনের বিরুদ্ধে উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম সিকদারের ‘নাজনীন ভিলা’ বাড়ি গুঁড়িয়ে জমি দখলের অভিযোগ করা হয় গত বছরের ২৬ আগস্ট। আদালতে এই ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় তাকে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেয়া ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সমীচীন নয় বলে চলতি বছরের ২৭ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ঘোষণা করে। চেয়ারম্যান লিটন ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ১০ সেপ্টেম্বর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও জাফর আহম্মদের বেঞ্চ উপ-সচিবের আদেশ স্থগিত করে সরকারের প্রতি রুল জারি করে। ওই রুলের বিরুদ্ধে স্থাগিতাদেশ চেয়ে ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই হাইকোর্টে আপিল করলে গত বুধবার চেম্বার জজ আদালতের বিচারক সৈয়দ মাহবুব হোসেন চেয়ারম্যান লিটনের পক্ষে দেয়া হাই কোর্টের আদেশ বহাল রাখেন। এখন থেকে তার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে আর কোন আইনি বাধা নেই বলে জানান লিটন।