লন্ডনের এক পার্কের ধারে এক লোক একটা কুকুর নিয়ে দাঁড়িয়ে আছেন। কুকুরটায় গলায় ঝোলানো একটা কাগজে বড় করে লেখা, ‘কথা বলা কুকুর বিক্রি হবে।’ সবাই বিষয়টাকে লোক ঠকানোর ফন্দি ভেবে পাশ কাটিয়ে যাচ্ছিল। কিন্তু এরই মাঝে এক ভদ্রলোক কিছুতেই তার কৌতূহল সামলাতে না পেরে কুকুর আর তার মালিকের সামনে দাঁড়িয়ে গেলেন। জানতে চাইলেন, ‘সত্যি কি এই কুকুরটা কথা বলতে পারে?’
ভদ্রলোকটিকে অবাক করে দিয়ে কুকুরের মালিক নয়, বরং কুকুরটিই অনেকটা মানুষের গলার অনুকরণে কথা বলে উঠলো, ‘আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চলুন স্যার। এই লোকটা আমাকে খেতে তো দেয়ই না, উল্টো কথায় কথায় মারে। অথচ আমার মতো এত দক্ষ কুকুর গোটা দুনিয়ায় দ্বিতীয়টি পাবেন না। আমি ডগ স্কোয়াডে গোয়েন্দাদের সাথে কাজ করেছি। বহু খুনি, বদমাশ আর মাদক উদ্ধারে সাহায্য করেছি। সাহসিকতার জন্য পদকও পেয়েছি। অথচ এই লোকটা আমাকে আটকে রেখেছে।’
কুকুরের এমনতর কথা শুনে রীতিমতো হকচকিয়ে গেলেন ভদ্রলোক। মুগ্ধতা নিয়েই জানতে চাইলেন কুকুরটির দাম। তখন কুকুরটির মালিক জানালো মাত্র ৫০ পাউন্ড হলেই কুকুরটি বিক্রি করে দেবেন তিনি।
দাম শুনে আগের চাইতেও দ্বিগুণ বেশি অবাক হয়ে ভদ্রলোক জানতে চাইলেন, ‘আশ্চর্য লোক তো আপনি! এত গুণী একটা কুকুর মাত্র ৫০ পাউন্ডে বিক্রি করে দিচ্ছেন!’
এবার মুখ খুললেন কুকুরের মালিক, ‘আপনি ক’দিন রাখেন কুকুরটা তারপর সব বুঝবেন। এই যে ওর ডগ স্কোয়াডের চাকরি, খুনি-বদমাশ ধরা আর পদক পাওয়া-এ সবই ডাহা মিথ্যা। আর জানেন তো, মিথ্যা আমি একদম সহ্য করতে পারি না!’
++ নতুন তৈরি সুইমিং পুলের ডাইভিং বোর্ড থেকে এক সরদারজিকে লাফ দেওয়ার প্রস্তুতি নিতে দেখে তার দিকে ছুটে গেলেন ইন্সট্রাকটর—
:আরে আরে সরদার, কী করছেন। পুলে যে এখনো পানিই ভরা হয়নি। আর আপনি কি না লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন!
:দূর বোকা, আমি কি সাঁতার জানি না কি! তাই তো পানি ছাড়া পুলে লাফ দেওয়ার কসরত করছি। পানি থাকলে তো লাফ দিয়ে ডুবতে হবে।
