ঝিনাইদহে বয়লার বিস্ফোরণ দুই শ্রমিক নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪২
ঝিনাইদহ সদর উপজেলার নারায়ণপুর ত্রিমোহনী এলাকায় বৃহস্পতিবার রাতে ইফাদ অটো রাইচ মিলের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, নওদাপাড়া গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে শফিউদ্দিন ও বাদপুকুরিয়া গ্রামের তক্কেল আলির ছেলে আসলাম। আহতরা হচ্ছেন, মিলের শ্রমিক আব্দুল ও পার্শবর্তী খায়রুল। ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালালউদ্দিন আহমেদ জানান রাত সাড়ে ১০টার দিকে পানি স্বল্পতার কারণে মিলের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মিলের একাংশ ধবংস স্তূপে পরিণত হয়। কর্মরত শ্রমিকরা ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার ব্রিগেড ও স্থানীয় মানুষ প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর ধ্বংস স্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে। বয়লারের গরম পানিতে শ্রমিক আব্দুলের শরীর ঝলসে যায়। তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘটনার পর মিলের মালিক সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ গা ঢাকা দেন বলে জানা গেছে।