পীরগাছায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৮

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুরের পীরগাছায় শুক্রবার ভোর রাতে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে। এ সময় পাকা ধানসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও অর্ধশত স্থানে তার ছিঁড়ে বিদ্যুত্ সংযোগ বন্ধ রয়েছে।

ঝড়ে পীরগাছা সদর, কৈকুড়ী ও কান্দি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়। পীরগাছা ইউনিয়নের বড় পানশিয়া গ্রামের ময়নুল ইসলাম জানান, তার ঘরের উপর একটি বড় গাছ পড়ে গেছে। এতে তার দুটি ঘর বিধ্বস্ত হয়েছে। তিনি নিজেও পরিবারসহ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান আলম বলেন, কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া  পাট ও ভুট্টাসহ রবি শস্যের ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু হয়েছে।