পৃথক ঘটনায় ৯ জনের অপমৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
দেশের বিভিন্ন স্থানের পৃথক ঘটনায় ৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুকসুদপুর (গোপালগঞ্জ) মুকসুদপুর উপজেলার বাগাট গ্রামে গত বৃহস্পতিবার রাতে নজরুল ইসলামের স্ত্রী মুঞ্জিলা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে মুঞ্জিলা মারা যান। মুঞ্জিলার পরিবার জানায়, স্বামী নজরুল ইসলাম ও তার বাড়ির লোকজন মঞ্জিলাকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করছে। মুঞ্জিলার শশুর বাড়ির লোকজন জানায়, মুঞ্জিলা অভিমান করে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। উখিয়া (কক্সবাজার) উখিয়ার পশ্চিম দরগাহ বিল গ্রামে অগ্নিদগ্ধ হয়ে গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন। সন্ধ্যায় আশরফ মিয়ার স্ত্রী নিজ বাড়িতে হারিকেন জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। গৌরনদী (বরিশাল) বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে গত বৃহস্পতিবার দোকান ঘর তোলা নিয়ে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। কলমাকান্দা (নেত্রকোনা) উপজেলা সদরে গত বৃহস্পতিবার রাতে স্বর্গীয় আরাধন সরকারের পুত্র মাখন চন্দ্র সরকার (৩৮) নামে মিল শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী মোস্তফার মিলে শ্রমিকের কাজ করে আসছে। ঘটনার দিন রাতে মিল ম্যানেজার মোবাইলে তার মৃত্যুর খবরটি জানালে থানা পুলিশ ও এলাকাবাসী মাখনের লাশ মিলের ভেতরে কয়েল লাকরী ঘরে দেখতে পায়। মিল কর্তৃপক্ষের দাবি মাখন কয়েলের কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। অপরদিকে এলাকাবাসী বলছে তার মৃত্যু রহস্যজনক। মাখনের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) কটিয়াদী উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের সম্পাদক সাইফুল ইসলাম (২৮) নামে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সে জালালপুর ইউনিয়নের আ. মোতালিব বুলু মাস্টারের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা রামপুর গ্রামে গত শুক্রবার ভোরে তৈয়াবুর রহমান (৩০) নামে এক কৃষক দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। সে রামপুর গ্রামের কেরামতের ছেলে। বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বানারীপাড়া (বরিশাল) বানারীপাড়ার চাখারের বলিয়ারকাঠি গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে আঃ রহমান হাওলাদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে সে গাছের ডাল কাটতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের স্পর্শে নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে বানারীপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) দামুড়হুদার দর্শনায় আজিমপুর গ্রামে গত বৃহস্পতিবার বিকালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আজাদ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শহীদ হোসেনের ছেলে। শেরপুর শ্রীবরদীর কাউনের চরে গত বৃহস্পতিবার নানার বাড়িতে বেড়াতে গিয়ে সততা বিদ্যা নিকেতনের পুকুরে পানিতে ডুবে সাগর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ইব্রাহিমের ছেলে।