দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচজনের লাশ উদ্ধার হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মেলান্দহ (জামালপুর)
মেলান্দহে বাঘাডোবা-মলিকাডাঙ্গা এলাকায় একটি পুকুর থেকে গতকাল শুক্রবার সকালে সোহাগ (৪০) নামে এক ব্যক্তির বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মালঞ্চ গ্রামের আ. রশিদের ছেলে। নিহতের স্ত্রী রিমা আক্তার জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর সোহাগের বাসায় একজন পুরুষ ও একজন মহিলা এসে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে কথা কাটাকাটি করে। কিন্তু এ ব্যাপারে সোহাগ বাসার কাউকে কিছু জানায়নি। রাতে সোহাগ কিছু টাকাসহ মোটরসাইকেল নিয়ে শেরপুরের দিকে যাবার কথা বলে বাসা থেকে বেরিয়ে পড়ে। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরে পুলিশ লাশ উদ্ধার করে। অফিসার ইনচার্জ বিল¬াল উদ্দিন জানান, শত্রুতার জের ধরে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে হত্যার মুটিভ উদঘাটনে মেলান্দহ থানায় মনিটরিং অব্যাহত রেখেছেন।
মাগুরা
শালিখা উপজেলার আড়পাড়া থেকে পুলিশ শুক্রবার সকালে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। শালিখা থানার ওসি জানান, লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পলিটেকনিক কলেজে রুহুল আমিন (২০) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলা কদমপাল গ্রামের আহমেদ আলীর পুত্র। জেলার সয়াধানগড়া গ্রামের বাঙালি ভিটার একটি মেসে থাকত। পরে রাতে কোন এক সময় মেসের পাশে গাছের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস নেয়। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের নিজ হাতে লেখা একটা চিঠি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকায় গতকাল শুক্রবার রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরণে জিন্সের প্যান্ট ও চেকের শার্ট রয়েছে। ওই যুবককে কুপিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে।
লোহাগড়া (নড়াইল)
লোহাগড়ার মধুমতি নদী থেকে গত বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মধুমতি নদী থেকে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতের শরীরে, গলায়, বুকে কাটা চি?হ্ন ও পায়ের রগ কাটা রয়েছে। লাশের গায়ে চেক শার্ট এবং লুঙ্গি-গামছা দিয়ে হাত-পা বাঁধা ছিল।
